যশোরে যুবককে কুপিয়ে হত্যা
যশোর শহরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কারাগারের সামনে এ হামলায় নিহত শরিফুল (২৮) সদর উপজেলার মধুগ্রামের বেলায়েত আলীর ছেলে।
এ ঘটনায় জড়িত অভিযোগে টিপু সুলতান (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। টিপু বোলপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, একটি মামলা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়।
নিহতের ভাই রেজাউল ইসলাম জানান, যৌতুক দাবির অভিযোগে শরিফুলের বিরুদ্ধে তার স্ত্রী নূরজাহান একটি মামলা করেছিলেন।
ওই মামলায় হাজিরা দিয়ে দুপুরে আদালত থেকে ফিরছিলেন তারা দুই ভাই।
এ সময় পথে শরিফুলের শ্যালক বালিয়া ভেকুটিয়া গ্রামের জনি, মিঠু, মোস্তফা একদল লোক নিয়ে তাদের উপর হামলা করে।
ঘটনাস্থল থেকে পালিয়ে রক্ষা পান রেজাউল। কিন্তু শরিফুলকে ধরে উপর্যুপরি কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শরিফুলের মৃত্যু হয়।
চিকিৎসক আব্দুস সামাদ বলেন, নিহতের শরীরে কুপিয়ে জখম করার বহু দাগ রয়েছে। এর মধ্যে চারটি আঘাত খুবই গুরুতর ছিল।
