২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় দুমাস পর জেলেদের কর্মচাঞ্চল্য

ইলিশ রক্ষায় দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর চাঁদপুরের মেঘনা নদীতে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 11:11 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার (৩০ এপ্রিল) অভয়াশ্রম কর্মসূচির মেয়াদ শেষ হওয়ায় ১মে থেকে জেলেরা জাটকা ছাড়া নদীতে অন্য সব ধরনের মাছ ধরতে পারবেন।

জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল দুমাস মেঘনার ৬০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত জানান, জাটকা নিধন প্রতিরোধ কমিটির জেলা টাস্কফোর্স মার্চ-এপ্রিল এ দুমাসে মেঘনায় জাটকা নিধনকালে শতাধিক জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।

হাইমচর উপজেলার চরভৈরবী, নীলকমল, আলগী ইউনিয়নের হাবু ছৈয়াল, রহিম জমাদারসহ বেশ ক’জন জেলে বলেন, নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় শুধু সরকারি চাল ও নগদ কিছু অর্থ দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে।

১মে থেকে নদীতে মাছ ধরতে তারা ইতিমধ্যে জাল ও নৌকা প্রস্তুত করে রেখেছেন।

এবার নদীতে বেশি মাছ পাওয়া যাবে বলে আশা করছেন তারা।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত বলেন, এবার চাঁদপুরে ২৬ হাজার ৩৩৫ জন জেলেকে ৩০ কেজি করে চার মাস চাল দেয়া হচ্ছে। এছাড়া ২৮২ জন জেলেকে উপকরণ সহায়তা তথা গরু-ছাগল, ভ্যানগাড়ি, সেলাই মেশিন, সার, বীজসহ বিভিন্ন ধরনের উপকরণ দেয়া হয়।

মৎস্য গবেষণা ইন্সটিটিউট, চাঁদপুর নদী কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিশ গবেষক ড. মো. আনিছুর রহমান বলেন, গতবছর ইলিশ উৎপাদিত হয়েছে তিন লাখ ৪০ হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য ১০ হাজার কোটি টাকারও বেশি।

এ অর্থবছরের শেষ নাগাদ ইলিশ উৎপাদনের পরিমাণ তিন লাখ ৫০ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুমাস চাঁদপুরের বিস্তীর্ণ নদীসীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে ইলিশ রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে।