কারখানা রক্ষায় মানববন্ধন গাজীপুরে
কারখানার নিরাপত্তা রক্ষায় গাজীপুরে মানববন্ধন করেছে গার্মেন্ট মালিক-শ্রমিক ও রাজনৈতিককর্মীরা।
মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মানববন্ধন হয়।
এতে বক্তারা সাভারে বহুতল ভবন ধসে হতাহতের ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
গত বুধবার সাভারের বহুতল ভবন ‘রানা প্লাজা’ ধসে প্রায় চারশ মানুষের প্রাণহানি ঘটে। এ ঘটনায় এখনো অনেক শ্রমিক নিখোঁজ আছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
ভবন ধসের পর থেকেই দেশের বিভিন্ন গার্মেন্ট শিল্পাঞ্চলে শ্রমিকরা লাগাতার কর্মবিরতি, সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছেন। এ সময় কোথাও কোথাও কারাখানায় হামলা-ভাংচুরের ঘটনাও ঘটে।
এ পরিপ্রেক্ষিতে সোমবার গাজীপুরে শিল্প পুলিশের সহকারী পরিচালক মোশারফ হোসেনকে আহবায়ক করে মালিক-শ্রমিক-পুলিশ ও রাজনৈতিক কর্মীদের নিয়ে ‘শিল্প প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা কমিটি’ গঠন করা হয়।
এ কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন কমিটির যুগ্ম-আহবায়ক ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, শিল্প উদ্যোক্তা মো. শহীদুজ্জামান, স্থানীয় গ্লেস নিটওয়্যার কারখানার মালিক শাহ্ আলম, ভবন মালিক প্রকৌশলী মমতাজ উদ্দিন ও জহির উদ্দিন প্রমুখ।
বক্তারা গার্মেন্টস খাত নিয়ে কোনো ষড়যন্ত্র না করার আহ্বান জানান।
