ক্ষতিপূরণ চান ব্যবসায়ীরাও
সাভারের ধসে পড়া রানা প্লাজার মার্কেটের ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবিতে ধ্বংসস্তূপের সামনে অবস্থান নিয়েছেন।
ভবন ধসে ১৩৬টি দোকান মালিক ও ব্যবসায়ীর প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়ে ক্ষতিপূরণের দাবিতে নবম পদাতিক ডিভিশনের জিওসিসহ সংশ্লিষ্টদের কাছে আবেদনও দিয়েছেন তারা।
গত কয়েক দিন ধরে বিচ্ছিন্নভাবে তারা ধংসস্তূপের আশপাশে এসে বিভিন্ন গণমাধ্যমে ক্ষতিপূরণের দাবি জানচ্ছিলেন।
মঙ্গলবার সকাল থেকে ব্যবসায়ীরা তারা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে রানা প্লাজার সামনে জড়ো হন। ব্যবসায়ীদের একটি তালিকা করে ক্ষতির বিবরণ তুলে ধরেছেন তারা।
রানা প্লাজার দ্বিতীয় তলায় থান কাপড়ের ব্যবসায়ী রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দোকানে ৩০ লাখ টাকার মালামাল ছিল। ভবন ধসে দোকানের কর্মচারী সোবহান গুরুত্বর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
মনোরম বুটিকের মালিক সোহেল জানান, রানা প্লাজার নিচ তলা ও দোতলায় ১৪৯টি দোকান ছিল। তবে ভবন ধসে পড়ার দিন হরতাল থাকায় বেশিরভাগ দোকানই ছিল বন্ধ।
দোকানে ছয় লাখ টাকার মালামাল ছিল জানিয়ে সোহেল বলেন, নগদ কিছু টাকাও ছিল ক্যাশবক্সে।
মো. খোরশেদ নামের আরেক ব্যবসায়ী বলেন, “আমাদের সব শেষ হয়ে গেছে। যখন উদ্ধারকাজ দোতলায় নেমে আসবে তখন যদি আমাদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হত তাহলে কিছু মালামাল উদ্ধার করতে পারতাম।”
ধসে পরা রানা প্লাজার ধ্বংসস্তূপে এখন দ্বিতীয় পর্যায়ের উদ্ধার অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মামুন জানান, রানা প্লাজা তৈরীর পরপরই ১৪ লাখ টাকা দিয়ে একটি পজেশন কেনেন তিনি। আর একটা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করেন।
তার ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের যদি ক্ষতিপূরণ না দেয়া হয় সবাইকে না খেয়ে মরতে হবে।”
মনি ফেব্রিক্সের সত্বাধীকারী সাইফুল ইসলামেরও দাবি, নিচ তলা ও দোতলার মালামাল অপসারনের সময় স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতে চান ক্ষুদ্র ব্যবসায়ীরা।
“এতে যদি কিছু মালামাল উদ্ধার করা যায় তাতে তাড়াতাড়িই ব্যবসা শুরু করা যাবে।”
