২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বংসস্তূপ থেকে আরো দুই লাশ উদ্ধার

সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে মঙ্গলবার সকালে আরো দুটি লাশ উদ্ধার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 04:52 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

ভারী সরঞ্জাম দিয়ে রোববার রাতে উদ্ধার অভিযান শুরুর পর এ নিয়ে মোট নয়টি লাশ উদ্ধার করা হলো।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উদ্ধার করা হয় হাসিনা ও আইনুলের লাশ। সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তাদের সনাক্ত করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই সাইফুল ইসলাম।

দ্বিতীয় পর্যায়ের উদ্ধার অভিযানে এই নিয়ে নয়টি লাশ উদ্ধার করা হল। এছাড়া আহতদের মধ্যে দুজন সোমবার হাসপাতালে দুজনের মৃত্যুর পর এই ভবন ধসে নিহতের সংখ্যা ৩৮৮- পৌঁছেছে।

হাইড্রোলিক ক্রেন এবং বুলডোজার দিয়ে ৩৫ হাজার বর্গফুটের এই ভবনের পেছন দিকে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। সেদিকে কয়েকটি লাশ দেখতে পেয়েছেন উদ্ধারকর্মীরা। তা উদ্ধারে কাজ চলছে।

এদিকে নিখোঁজদের সন্ধানে এখনো অপেক্ষায় রয়েছেন তাদের স্বজনরা। ধসের ছয় দিনেও লাশ না পেয়ে বিক্ষোভও করছেন তারা।

উদ্ধার কাজে দায়িত্বরত সেনা কর্মকর্তারা বলছেন, ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত থাকলে তার জীবন যেন ঝুঁকিতে না পড়ে সেজন্য সতর্কতার সঙ্গে কাজ করছেন তারা।

ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের পর তা নিয়ে যাওয়া হচ্ছে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানেও অপেক্ষায় আছেন অনেকে, মাঠে এবং আশপাশের গাছের নিচে রাত কাটিয়েছেন তারা।

পুরনো খবর:

উদ্ধার কাজে অসন্তোষ থেকে বিক্ষোভ
পরিচয়হীনদের দাফন এখনি হচ্ছে না
ধ্বংসস্তূপে দুটি লাশ উদ্ধার, মারা গেলেন আহত দুজন