ধ্বংসস্তূপে দুটি লাশ উদ্ধার, মারা গেলেন আহত দুজন
ভারী সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার অভিযানের মধ্যে সোমবার রাতে রানা প্লাজার ধ্বংসস্তূপের মধ্যে দুটি লাশ পাওয়া গেছে। অন্যদিকে ভবন থেকে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে।
ধসের পাঁচ দিনের মাথায় রোববার রাতে ধ্বংসস্তূপ সরাতে ক্রেন, বুলডোজারসহ ভারী সরঞ্জাম ব্যবহার শুরু হয়। এরপর সোমবার বিকাল পর্যন্ত উদ্ধার হয় পাঁচটি মরদেহ।
রাত ১০টার দিকে ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তির লাশ বের করে আনেন উদ্ধারকর্মীরা। তার নাম ইসরাইল বিশ্বাস বলে অপেক্ষায় থাকা স্বজনরা সনাক্ত করেছেন।
ইসরাইল ভবনের ছয়তলায় কাজ করতেন বলে তার শ্যালক সোহেল জানিয়েছেন। ভগ্নিপতির লাশ অধর চন্দ্র বিদ্যালয় থেকে গ্রহণ করেন তিনি।
যশোরের অভয়নগরের নুর মোহাম্মদের ছেলে ইসরাইল থাকতেন সাভারের গেন্ডা এলাকায়।
এর আগে রাত পৌনে ৯টায় ধ্বংসস্তূপের ভেতর থেকে দয়াল রায় (২০) নামে আরেক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তিনি দিনাজপুরের খানসামার পদ্মলোচন রায়ের ছেলে।
দয়াল ঘটনার দিন ভবনের ৯ তলায় রাজমিস্ত্রির কাজ করতে এসেছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। ধ্বংসস্তূপের পেছনের অর্থাৎ সিঁড়ির দিকে তার লাশ পায় উদ্ধারকারীরা। তার লাশ গ্রহণ করেন ভাতিজা দুলাল।
ধ্বংসস্তূপের নিচে জীবিত কেউ থাকলেও তাদের যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য সতর্কতার সঙ্গে অভিযান চলছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে ভারী সরঞ্জাম দিয়ে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করা হয়।
ভবন ধসে আহতদের অধিকাংশকে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান আহত রিয়াদ (১৮)। তিনি সন্দ্বীপের মৃত নুরুল আলমের ছেলে।
রিয়াদ রানা প্লাজার পাঁচতলার শ্রমিক ছিল। ধসের ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে এনামে ভর্তি করা হয়। চাচাতো ভাই মো. আমিনের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হয়।
এদিকে রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শিউলী আক্তার (২৭)। দুপুরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনা হয়।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৩ জন।
নতুন করে চারজনের মৃত্যুতে ভবন ধসে নিহতের সংখ্যা ৩৮৬ জনে পৌঁছেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক শাহিনুর ইসলাম দুপুর সোয়া ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে জানান, ধসে নিহতের সংখ্যা ৩৮১, জীবিত উদ্ধার করা হয়েছে ২৪৩৭ জনকে।
তার সংবাদ সম্মেলনের পর শাহীনার লাশ পাওয়া যায়। এরপর আরো দুটি লাশ উদ্ধার হয় এবং হাসপাতালে মারা যান দুজন।
