ভারী সরঞ্জামে চলছে উদ্ধার অভিযান
সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ ঘিরে শোনা যাচ্ছে শক্তিশালী সব ইঞ্জিনের গর্জন। উদ্ধার অভিযানের ষষ্ঠ দিনে পুরোদমে কাজে লাগানো হয়েছে ভারী সব যন্ত্রপাতি আর সরঞ্জাম।
উদ্ধারকারীরা জানান, সতর্কতার সঙ্গে 'দ্বিতীয় পর্যায়ের' এই উদ্ধার অভিযান চলছে যাতে কেউ বেঁচে থাকলে তারা যেন ক্ষতিগ্রস্ত না হন।
আইএসপিআরের পরিচালক শাহীনুল ইসলাম সোমবার বেলা তিনটায় সাংবাদিকদের জানান, ক্রেন দিয়ে রোববার রাত থেকে দুপুর পর্যন্ত প্রায় ৯০ টন কনক্রিটের বড় টুকরা সরানো হয়েছে।
বিকেল সোয়া চারটার দিকে পোশাককর্মী শাহীনার মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়, যাকে জীবিত উদ্ধারের জন্য রোববার দিনভর চেষ্টা চালান উদ্ধারকর্মীরা।
সোমবার ধ্বংসস্তূপ থেকে আরও চার জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ধ্বংসস্তূপ থেকে এখনো ধোঁয়া বেরোনোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দমকল বাহিনীর সদস্যরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু অনেক জায়গায় কাপড় ছড়িয়ে থাকায় তা পুরোপুরি নেভানো সম্ভব হচ্ছে না।
রোববার রাত সাড়ে ১০টার দিকে শাহীনাকে উদ্ধারের সময় একটি সুড়ঙ্গ পথে আগুন লেগেছিল, যা ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে ফেললেও ধোঁয়া বেরুচ্ছে।
তিনি জানান, উদ্ধারকাজে ব্যবহৃত চারটি হাইড্রোলিক ক্রেনই বেসরকারি প্রতিষ্ঠানের, যার একটি অরিয়ন গ্রুপের, একটি বেক্সিমকোর এবং দুটি এনার্জি প্যাকের।
সুরঙ্গ কেটে জীবিত কাউকে উদ্ধারের আর সম্ভবনা নেই দেখেই 'দ্বিতীয় পর্যায়ের' এই উদ্ধার কাজ শুরু হয়। জীবিতদের উদ্ধারের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ায় এর আগে ভারী যন্ত্রপাতি ব্যবহার হয়নি; যদিও তা কয়েকদিন আগেই আনা হয়েছিল।
রাতেই ধসে পড়া ভবনের চৌহদ্দী থেকে সাংবাদিকসহ সবাইকে সরিয়ে দেয়া হয়। সেখানে ছিলেন শুধু উদ্ধারকাজে যুক্ত সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। তবে ব্যারিকেডের বাইরে নিখোঁজদের সন্ধানে অপেক্ষায় আছেন শত শত মানুষ।
উদ্ধারকর্মীরা জানান, কয়েকটি করে ভারী স্ল্যাব, বিম সরানোর পর লাশগুলো উদ্ধার করা হবে। এর পর আবার চলবে ধ্বংসস্তূপ থেকে ভারী কংক্রিট সরানোর কাজ। এভাবে উদ্ধার অভিযান শেষ হবে বেশ কয়েকদিন লেগে যাবে।
উদ্ধার কাজের সুবিধার জন্য বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে ধসে পড়া রানা প্লাজার সামনের সড়ক বিভাজকও। রাস্তার ওপর থেকে বিদ্যুতের তারও সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা।
শাহীনুল বলেন, স্ল্যাব ও কাজের বাধা হচ্ছে এমন কংক্রিটের স্তূপ সরিয়ে নেয়ার পর ভেতরে কেউ জীবিত থাকলে তাদের উদ্ধারের চেষ্টা করা হবে।
“আটকে পড়া একজনও জীবিত থাকা বা একটি মৃতদেহ থাকা পর্যন্ত উদ্ধার কাজ চলবে।”
উদ্ধার অভিযানের মধ্যেই সকালে সাভারে ধসে পড়া ভবনে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবনের ধ্বংসস্তূপের সামনের সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের কাছ থেকে উদ্ধার তৎপরতার সর্বশেষ পরিস্থিত সম্পর্কে খোঁজ খবর নেন।
প্রধানমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে সকাল থেকেই রানা প্লাজার আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। র্যাবের ডগ স্কোয়াড দিয়েও এলাকাটি তল্লাশি চালানো হয়।
ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ভয়াবহ এই ভবন ধসে এই পর্যন্ত ৩৮১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩২৯টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে বাকি মরদেহগুলো।
এদিকে, ঢাকার জেলা প্রশাসক ইউসুফ হারুন শেখ জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে রাখা ৫২টি লাশের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে।
লাশগুলো আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনই বিষয়টি বলা যাচ্ছে না।
