পরিচয়হীনদের দাফন এখনি হচ্ছে না
সাভারে ধসে পড়া ভবন থেকে উদ্ধার অসনাক্ত লাশগুলো সোমবার দাফনের সিদ্ধান্ত হলেও তা পরিবর্তন হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা এই ২৯টি লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের সিদ্ধান্ত নেয়ার কথা বিকালে জানিয়েছিলেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর।
তবে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়ে সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল পর্যন্ত মর্গে রাখা হবে লাশগুলো। যাদের স্বজনরা এখনো নিখোঁজ, তাদের কাল সাভার থেকে ঢাকায় এনে আবার দেখানো হবে। এরপর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।”
এই ভবন ধসে নিখোঁজের সংখ্যা প্রায় ১৩শ’ জন। তাদের স্বজনরা ধসে পড়া ভবনের সামনেই অপেক্ষায় রয়েছেন, যেখানে এখনো উদ্ধারকাজ চলছে।
ফজল মীর বলেন, সাভার থেকে স্বজনহারাদের আনতে জেলা প্রশাসনই পরিবহনের ব্যবস্থা করবে।
ভবন ধসের ষষ্ঠ দিনে ভারী যন্ত্রপাতি আর সরঞ্জাম দিয়ে চলছে উদ্ধার অভিযান।
ঢাকা মেডিকলের ২৯ জনের মধ্যে ২৬ জন নারী এবং তিন জন পুরুষ। লাশগুলো দাফন করা হলেও ডিএনএ পরীক্ষার জন্য নমুনা রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা নমুনা হিসেবে দাঁত সংরক্ষণ করছেন, যাতে পরে কোনো স্বজন দাবি নিয়ে এলে পরীক্ষা করে পরিচয় সনাক্ত করা যায়।
আঞ্জুমানের নির্বাহী পরিচালক আবুল কাশেম জানান, জুরাইন কবরস্থানে লাশগুলো দাফন করবেন তারা।
গত বছর তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে মারা যাওয়া যাদের পরিচয় পাওয়া যায়নি, তাদেরও জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছিল।
সাভারে যে ভবনটি ধসে পড়েছে, তাতে পাঁচটি পোশাক কারখানা ছিল। এতে নিহতদের প্রায় সবাই পোশাক শ্রমিক।
দেশের ইতিহাসে ভয়াবহ এই ধসে নিহতের সংখ্যা ইতোমধ্যে সাড়ে তিনশ’ ছাড়িয়েছে।
