কবরে ঠিকানা নিচ্ছেন পরিচয়হীন ২৯ জন
সাভারে ধসে পড়া ভবন থেকে উদ্ধার যে ক’জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ছিল, পরিচয় না মেলায় সেগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন হচ্ছে।
ভবন ধসের পাঁচদিন পর সোমবার বিকালে ২৯টি লাশ দাফনের প্রক্রিয়া শুরু হয়েছে।
ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো দাবিদার না থাকায় লাশগুলো দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামকে দেয়া হয়েছে।
এই ২৯ জনের মধ্যে ২৬ জন নারী এবং তিন জন পুরুষ বলে জানান তিনি।
লাশগুলো দাফন করা হলেও ডিএনএ পরীক্ষার জন্য নমুনা রাখা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা নমুনা হিসেবে দাঁত সংরক্ষণ করছেন, যাতে পরে কোনো স্বজন দাবি নিয়ে এলে পরীক্ষা করে পরিচয় সনাক্ত করা যায়।
আঞ্জুমানের নির্বাহী পরিচালক আবুল কাশেম জানান, জুরাইন কবরস্থানে লাশগুলো দাফন করা হচ্ছে।
গত বছর তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে মারা যাওয়া যাদের পরিচয় পাওয়া যায়নি, তাদেরও জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছিল।
ভবন ধসের ষষ্ঠ দিনে ভারী যন্ত্রপাতি আর সরঞ্জাম দিয়ে চলছে উদ্ধার অভিযান।
দেশের ইতিহাসে ভয়াবহ এই ধসে নিহতের সংখ্যা ইতোমধ্যে সাড়ে তিনশ’ ছাড়িয়েছে, সেখানে এখনো উদ্ধার তৎপরতা চলছে।
পরিচয়হীন লাশের কয়েকটি রয়েছে মিটফোর্ড হাসপাতালে।
ধ্বংসস্তূপে উদ্ধার করা লাশগুলো প্রথমে নিয়ে যাওয়া হয় সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে, সেখানে পরিচয় সনাক্তের পর লাশ হস্তান্তর হয়। যেসব লাশের কোনো দাবিদার পাওয়া যায় না, সেগুলো পাঠানো হয় ঢাকা মেডিকেল ও মিটফোর্ডে।
