লাশ সনাক্তে ডিএনএ থাকবে ঢাকা মেডিকেলে
সাভারে ভবন ধসে নিহত শ্রমিকদের মধ্যে যাদের পরিচয় মিলবে না তাদের ডিএনএ সংরক্ষণ করবে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেকে) ফরেনসিক বিভাগ। স্বজনদের সঙ্গে ডিএনএ মিলিয়ে পরে তাদের সনাক্ত করা হবে।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. কাজী গোলাম মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
সরকারের উচ্চপর্যায়ের নির্দেশেই এ আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “যদি মৃতদেহগুলো স্বজন ছাড়া অন্য কোথাও হস্তান্তরের সিদ্ধান্ত আসে, তারপরও তাদের ডিএনএ সংরক্ষিত থাকবে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মরচুয়ারির কুলারে ১২টি আসন রয়েছে, সেখানে সাভারের দুর্ঘটনায় নিহত শ্রমিকদের মৃতদেহ সংরক্ষিত রয়েছে। এছাড়া মর্গের কক্ষে মৃতদেহ সংরক্ষণের পরিবেশ তৈরি করে সংরক্ষণ করা যাবে ২০/২৫টি মৃতদেহ।
মোখলেসুর রহমান জানান, যদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ সংরক্ষণের জায়গা না হয়, তবে অন্য দেহগুলো সলিমুল্লাহ মেডিকেল কলেজের মরচুয়ারিতে পাঠানো হবে। মৃতদেহগুলো সনাক্ত করার পর্যায়ে না থাকলে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সেগুলো আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে।
বুধবার সাভার বাস স্ট্যান্ডের নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে পর নিহতের সংখ্যা ইতোমধ্যে ৩০০ ছাড়িয়ে গেছে। এখনো অনেকেই ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন, যাদের কেউ কেউ জীবিত আছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নাম-পরিচয় না পাওয়া লাশগুলো সাভারের অধর চন্দ্র মাঠে রাখা হয়েছে। সেখানে একটি অস্থায়ী মরচুয়ারি তৈরি করা হয়েছে বলে জানান মোখলেসুর রহমান।
তিনি বলেন, “এসব অস্থায়ী মরচুয়ারি একেবারেই প্রাকৃতিকভাবে তৈরি করা হয়। সেখানে বিদ্যুতের ব্যবস্থা না থাকলে মৃতদেহের চারদিকে তাবু দিয়ে সংরক্ষণ করা হয়।”
