২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ে সন্তোষ ৪ নেতার পরিবারের

জেল হত্যামামলার আপিলে দুই আসামির মৃত্যুদণ্ড পুনর্বহাল রেখে সর্বোচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করলেও ষড়যন্ত্রকারীদের শান্তির কোনো নির্দেশনা না দেখে হতাশা প্রকাশ করেছেন জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 04:15 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

কারাগারে জাতীয় চার নেতা হত্যামামলায় হাই কোর্টের রায়ে বাদ পড়লেও দফাদার মারফত আলী শাহ ও এল ডি দফাদার আবুল হাসেম মৃধার মৃত্যুদণ্ড বহাল রেখে মঙ্গলবার রায় দেয় আপিল বিভাগ।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধের নেতৃত্বদাতা চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে হত্যা করা হয়। রাষ্ট্রীয় হেফাজতে যাদেরকে হত্যা দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত।

মামলার দীর্ঘকাল পর বিচার শুরু এবং আপিলের বহু প্রতীক্ষিত রায়ের পর এজলাসে উপস্থিত মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, “বিলম্বিত হলেও কিছুটা ন্যায়বিচার হয়েছে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম নিহত মনসুর আলীর ছেলে।

হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের শাস্তি না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, “এই মামলার রায়ের জন্য আমাদের ৪২ বছর অপেক্ষা করতে হয়েছে। আমরা এই ঘটনার ষড়যন্ত্রকারী ও ঘাতকদের শাস্তি চেয়েছিলাম।”

আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছে, ষড়যন্ত্রকারীদের বিষয়ে কোনো আপিল না করায় এই বিষয়ে কোনো আদেশ হয়নি।

পূর্ণাঙ্গ রায়ে এই বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতির এ শ্রেষ্ঠসন্তানদের রাষ্ট্রের প্রতি অবদানের স্বীকৃতি এ রায়।”

“নিহতদের স্বজন হিসেবে এ রায় দেখছি না। দেশটারই জন্ম তাদের হাতে,” বলেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য। 

তিনি আশা প্রকাশ করেন, এই রায়ের মধ্য দিয়ে ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ হবে।

কামারুজ্জামানের ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, “এই বিচার নিয়ে রাজনৈতিক বহু চক্রান্ত হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বিচার সম্পন্ন হয়েছে। দেরিতে হলেও আমরা ন্যায়বিচার পেয়েছি।”

পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান রাজশাহীর মেয়র লিটন।

চার নেতা হত্যার ঘটনায় মামলা দায়েরের ২৩ বছর পর ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান মামলার রায় দেন। এতে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল ডি দফাদার আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেয়া হয়।

রায়ের বিরুদ্ধে আপিল হলে ২০০৮ সালে হাই কোর্ট মোসলেমের মৃত্যুদণ্ড বহাল রেখে মারফত আলী ও হাশেম মৃধাকে খালাস দেয়।

বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল হয়।

পুরনো খবর:

জেল হত্যায় মারফত ও হাশেম মৃধার মৃত্যুদণ্ড