‘ওয়াক্ফ সম্পত্তি হস্তান্তরের বিধান কেন অবৈধ নয়’
ওয়াক্ফ সম্পত্তি হস্তান্তর ও উন্নয়নে করা বিশেষ আইননে তিনটি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই রুল জারি করে।
রুলে ওয়াক্ফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১৩ এর ৪, ৮ থেকে ১৪ ধারা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
দুই সপ্তাহের মধ্যে আইন সচিব, ধর্ম সচিব, ওয়াকফ প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২১ এপ্রিল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবিএম নুরুল ইসলাম ওই আইনের তিনটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন। আদালতে রিটকারী নিজেই আবেদনকারীর পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
শুনানিতে এবিএম নুরুল ইসলাম বলেন, সারা দেশের প্রায় ১ শতাংশ সম্পত্তি ওয়াক্ফকৃত। যার মোট আয় হাজার কোটি টাকার উপরে। এইসব টাকা ধর্মীয় ও দাতব্য কাজে ব্যবহৃত হয়। শতাব্দীর শতাব্দী ধরে এ সব সম্পত্তি সম্পত্তিগুলো ওয়াক্ফ করা হয়েছে। এসব সম্পত্তি ওয়াক্ফকৃত হওয়ার কারণে অনন্তকালব্যপী এটা চলবে।
“কিন্তু হস্তান্তরের বিধানের ফলে এ সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া হস্তান্তরের এই বিধান মুসলমানদের ধর্মীয় আইনের সঙ্গে সাংঘর্ষিক।”
“ওয়াক্ফকৃত সম্পত্তি হস্তান্তর বাংলাদেশের সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক। এ ধরনের সম্পত্তি হস্তান্তরের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতেরও কয়েকটি রায় রয়েছে।”
আইনটি গত বছরের অক্টোবরে মন্ত্রিসভার অনুমোদন পায়। এরপর এ বছর সংসদে পাস হয়।
মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইয়া বলেন, “খতিয়ানে ওয়াকফ সম্পত্তি মোতাওয়াল্লির নামে রেকর্ড হয়। এতে মোতাওয়াল্লি মারা যাওয়ার পর তার উত্তরাধিকারীরা এই সম্পত্তি নিজের নামে লিখে নেন এবং তা ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায়।”
“১৯৬২ সালের ওয়াকফ আইনটি যুগোপযোগী করতেই সংশোধিত আইনটি করা হচ্ছে। এই আইনটি কার্যকর হলে ওয়াকফ এস্টেটের নামে সব সম্পত্তি থাকবে।”
“ওয়াকফ প্রশাসকের পূর্বানুমতি ছাড়া কোনো সম্পত্তি হস্তান্তর করা যাবে না”, যোগ করেন তিনি।
