২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন বিল পাস

পুঁজিবাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রণ, এক্সচেঞ্জগুলোকে কার্যকর প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা, সিকিউরিটিজে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন বিল, ২০১৩’ সংসদে পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 02:10 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি পাসের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। এসময় ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

বিলে বলা হয়েছে, এ আইন কার্যকর হওয়ার পর বিদ্যমান এক্সচেঞ্জ-এর সিকিউরিটিজ লেনদেনের অধিকার (ট্রেডিং রাইট) এর মালিকানা ও ব্যবস্থাপনা হতে পৃথকীকরণের মাধ্যমে ডিমিউচ্যুয়ালাইজ করতে হবে।

প্রস্তাবিত আইনটি কার্যকর হওয়ার ৯০ দিনের মধ্যে স্টক এক্সচেঞ্জগুলো তাদের প্রস্তাবিত ‘ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম’ প্রয়োজনীয় কাগজপত্রসহ এসইসিতে জমা দেবে। যা পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে এসইসি অনুমোদন দেবে।

এর মাধ্যমে স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া ডিএসই ও সিএসই’র ব্যবস্থাপনা থেকে মালিকানা আলাদা হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, এক্সচেঞ্জ-এর লেনদেনের অধিকার থেকে মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক না হলে স্বার্থের সংঘাত সৃষ্টি হয় এবং জনস্বার্থ ব্যাহত হয়।

এ আইনের ফলে স্টক এক্সেচেঞ্জগুলোর মধ্যে জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সুশাসন নিশ্চিত হবে।

ডিমিউচুয়ালাইজেশন অর্থ হলো- এক্সচেঞ্জ-এর লেনদেনের অধিকার হতে ব্যবস্থাপনা ও মালিকানা পৃথক করা। ১৯৯৩ সালে প্রথম এ ধারণা শুরু হয়। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি স্টক এক্সচেঞ্জে ডিমিউচ্যুয়ালাইজেশন সম্পন্ন হয়েছে; যার মধ্যে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও নিউ ইয়র্ক স্টক একচেঞ্জ অন্যতম।

এ আইনের বিধান লংঘনে সংশ্লিষ্ট এক্সচেঞ্জকে অন্যূন ১০ লাখ টাকা অর্থদণ্ড ও নিবন্ধন সনদ স্থগিতের বিধান হয়েছে। কোনো পরিচালক, সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী, কমিটির কোনো সদস্য, শেয়ারহোল্ডার বা ব্যক্তিকে এক লাখ টাকা দণ্ড করা যাবে।

ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তীতে যেসব শর্ত পালন করতে হবে- ডিমিউচ্যুয়ালাইজেশনের তারিখ থেকে ৯০ দিনের নির্বাচন সম্পন্ন করে পরিচালনা পরিষদের প্রথম সভা হবে। লেনদেনের অধিকার থেকে এর মালিকানা ও ব্যবস্থাপনা আলাদা করবে। অনুমোদিত স্কিমে শর্ত মেনে ট্রেডিং রাইট এন্টাইলমেন্ট সার্টিফিকেট দেবে। কমিশনের অনুমোদনে নতুন শেয়ার ইস্যু করবে। এক্সচেঞ্জের পরিচালনা পরিষদের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বতন্ত্র পরিচালক হবেন এবং এক্সচেঞ্জের পরিচালনা পরিষদ স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচন করবে।

ব্লকড হিসেবে সংরক্ষিত শেয়ার রক্ষনাবেক্ষণ ও হস্তান্তরের অধিকার পরিচালনা পরিষদের ওপর থাকবে বলে বিলে উল্লেখ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)’র ব্যবস্থাপনা থেকে মালিকানা আলাদা করতে বহুল আলোচিত এই বিলটি গত ৩ মার্চ জাতীয় সংসদে উত্থাপিত হয়। পরে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।