চট্টগ্রামে ৩ ভবন মালিকের জরিমানা
নিয়ম না মেনে ভবন তৈরি করায় বন্দরনগরীতে তিন ভবন মালিককে দেড়লাখ টাকা জরিমানা করেছে সিডিএ, একই সঙ্গে দুটি ভবন সিলগালাও করে দেয়া হয়েছে।
এছাড়া ইমারত নির্মাণ বিধিমালা মেনে নির্মাণ করতে অন্য এক ভবন মালিককে নোটিস দেয়া হয়েছে।
সোমবার সকাল সকাল ১১টা বিকাল ৪টা পর্যন্ত নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এবং শান্তিবাগ এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এ অভিযান পরিচালনা করে।
সিডিএ’র উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সারোয়ার উদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীতে যে সব ভবন নির্মাণে অনিয়ম এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেসব ভবনে অভিযান চালানো হচ্ছে।
অভিযানে অংশ নেয়া সিডিএ’র ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আমীন বলেন, ইমারত নির্মাণ বিধিমালা না মানায় আগ্রাবাদ এক্সেস রোডে আবুল বশর আবুর মালিকানাধীন সাততলা এবং আনন্দ ফার্নিচারের মালিকানাধীন পাঁচতলা ভবন সিলগালা করে দেয়া হয়।
পার্কিং ঠিকমতো না রাখা, সমানের জায়গা ঠিকমতো না থাকায় অপর তিন ভবন মালিকের প্রত্যেককে ৫০ হাজার করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া নির্মাণাধীন অপর দুটি ভবনকে ইমারত নির্মাণ বিধিমালা মেনে কাজ করতে নোটিস দেয়া হয় বলে জানান ম্যাজিস্ট্রেট আশরাফুল।
সাভার ট্রাজেডির পর চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিডিএ ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।
ভবনে ফাটলের কারণে শনিবার নগরীর বাদমতলীতে জেক্স বিল্ডিং সিলগালা করে দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন।
এছাড়া, রোববার বান্ডেল রোড সেবক কলোনি এলাকায় একটি ভবন ভেঙে ফেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
