নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর পুলিশ লাইন এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া -পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
পরে পুলিশ গুলি ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল তিনটার দিকে সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্প নগরী থেকে শতাধিক শ্রমিক সাভারে বহুতল ভবন ধসে বহু হতাহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি শহরের মাসদাইর পুলিশ লাইন এলাকায় এসে কয়েকটি পোশাক কারখানা থেকে শ্রমিকদের নামিয়ে আনে। এ সময় তারা পাশের ‘সুমন গার্মেন্টস’ নামের অপর একটি প্রতিষ্ঠান থেকে শ্রমিকদের জোর করে নামিয়ে আনার চেষ্টা করে।এতে পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।
এক পযার্য়ে তারা ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা পুরনো সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ধাওয়া -পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ফাঁকাগুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্প এলাকাগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার থেকে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
