উদ্ধারকর্মীরাই ঝুঁকিপূর্ণ ভবনে
দুর্যোগে প্রাণবাজি রেখে যারা প্রাণ বাঁচাতে নামেন, চট্টগ্রামে তাদেরই একটি অংশ রয়েছেন ঝুঁকিপূর্ণ ভবনে।
চট্টগ্রাম ইপিজেডে দ্বিতল যে ভবনে ফায়ার স্টেশনের কাজ চলছে, তার প্রতিটি তলায় খসে পড়ছে পলেস্তরা, দেয়ালেও দেখা দিয়েছে ফাটল।
স্টেশনে কর্মরতরা জানান, ভবনের পাশের সড়ক দিয়ে ট্রাক-লরিসহ ভারী যানবাহন যাওয়ার সময় ভবনটি কেঁপে উঠে।
ঝুঁকিপূর্ণ এই ভবনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৪ জন কর্মী প্রতিদিন কাজ করেন।
ঝুঁকির এই শঙ্কা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) জানানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
বেপজা কর্তৃপক্ষ ভবনটি নতুন করে নির্মাণের আশ্বাস দিলেও ফায়ার সার্ভিসের কর্মীরা চান, তা দ্রুত করা উচিত।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ১৯৯০ সালের অক্টোবরে দ্বিতীয় শ্রেণির ফায়ার স্টেশন হিসেবে কার্যালয়টি চালু হয়, যা ২০০৭ সালের নভেম্বর মাসে প্রথম শ্রেণিতে উন্নীত হয়।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ওই ভবনটি এর আগে আনসার ক্যাম্প হিসেবে ব্যবহৃত হত।
রোববার সরেজমিনে দেখা যায়, ভবনের কর্মী ব্যারাক, ডাইনিং কক্ষ ও রান্নাঘরসহ বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং বেশ কয়েক জায়গায় পলেস্তরা খসে পড়ছে।
গত বছরের ১৯ সেপ্টেম্বর ফায়ার সার্ভিস থেকে বেপজার কাছে পাঠানো এক চিঠিতে লেখা হয়, “১৮ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামে ভূমিকম্পের পর ভবনের ছাদ ও দেয়ালে নতুনভাবে ফাটল দেখা দিয়েছে এবং কনক্রিট ভেঙে পড়ছে।”
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিটি চিঠিতে ভবনটি যে ঝুঁকিপূর্ণ তা উল্লেখ করা হয়েছে এবং এখানে স্থান সঙ্কুলানের সঙ্কটের কথাও বলা হয়েছে।”
বেপজা কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।
ভবন পরিদর্শনে এসে বেপজার মহাব্যবস্থাপক এস এম আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। মাটি পরীক্ষা ও নতুন ভবনের নকশা অনুমোদনও হয়ে গেছে।
“কিছু দিনের মধ্যে এ ভবনটি ভেঙে ফেলা হবে এবং নতুন ছয়তলা ভবন নির্মাণ করা হবে,” বলেন তিনি। ফায়ার সার্ভিসকর্মীরা চান, এই কাজটি যেন দ্রুতই হয়।
