খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অবরুদ্ধ
ইংরেজি বিভাগের এক শিক্ষক ‘লাঞ্ছিত’ হওয়ার ঘটনায় সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ফায়েক উজ্জামানকে একঘণ্টা অবরুদ্ধ করে রেখেছে একটি পক্ষ।
এদিকে দুপুরে আরেকপক্ষ সংবাদ সম্মেলন করে শিক্ষককে হামলায় জড়িত না থাকার দাবি করেছে।
ইংরেজী বিভাগের শিক্ষক ড. এ আর এম মোস্তাফিজার রহমান ‘লাঞ্ছিত’ হওয়ার ঘটনায় ইংরেজি বিভাগের শিক্ষকরা দুই ভাগে বিভক্ত হয়ে যান।
ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান গ্রুপ সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার নিরালা আবাসিক এলাকায় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুই ব্যক্তি মোস্তাফিজার রহমানকে লাঞ্ছিত করে।
এম মোস্তাফিজার রহমান বলেন, তার ওপর হামলাকারীদের এবং হামলার নেপথ্যে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে শিক্ষকরা সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে অবস্থান নিয়ে সমাবেশ করেন।
পরে একই দাবিতে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত তারা উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনাটির সুষ্ঠু সমাধানের বিষয়ে ভুক্তভোগী শিক্ষক মোস্তাফিজার রহমানকে সহযোগিতার আশ্বাস দেয়ার পর তিনি এখন পদোন্নতির দাবি করছেন। পদোন্নতি একটি প্রক্রিয়াগত বিষয়।
“এরপরও তারা আমার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আমাকে অবরুদ্ধ রেখে এবং মাইক লাগিয়ে সমাবেশ করে প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটিয়েছেন,” বলেন ভিসি।
এদিকে বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অপর গ্রুপের শিক্ষক আহমেদ আহসানুজ্জামান বলেন, শিক্ষক মোস্তাফিজার লাঞ্ছিত হওয়ার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
