২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগের কমিটি গঠনের জেরে ভাংচুর

নোয়াখালীর চাটখিলে যুবলীগের কমিটি গঠনের জের ধরে নেতাকর্মীরা সড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 10:29 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার সকাল ১০টা থেকে তিন ঘণ্টা যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা-চাটখিল সড়কে এ ভাংচুর চলে।

পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে চাটখিল থানার ওসি মোস্তফা কামাল জানান।

জেলা যুবলীগের আহ্বায়ক ইকবাল করিম তারেক বলেন, গত ২ ফেব্রুয়ারি বেলায়েত হোসেনকে আহবায়ক করে চাটখিল উপজেলা যুবলীগের একটি কমিটি করা হয়।

একইদিন আবদুল করিমকে আহ্বায়ক করে চাটখিল পৌর যুবলীগের কমিটিও গঠন করা হয়।

উপজেলা ও পৌর কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছে।

কিন্তু সেই সময় শেষ হওয়ার আগেই এবং এ দুটি কমিটিকে বিলুপ্ত না করেই কেন্দ্র থেকে রোববার নতুন করে উপজেলা এবং পৌর কমিটির অনুমদোন দেয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা চাটখিল-ঢাকা সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে বলে জানান যুবলীগ নেতা বেলায়েত হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুদ্ধরা সড়কে মোটরসাইকেল, বাস, ট্রাক, অটোরিকশা, ভ্যানসহ অন্তত ২৫টি যানবাহন ভাংচুর করেছে।