মহাখালীতে শ্রমিক অবরোধ, ভাংচুর
পাওনা বুঝিয়ে না দিয়ে কারখানার বন্ধ করে দেয়ার অভিযোগে রাজধানীর ফিনিক্স ক্রসিং থেকে মহাখালী মোড় পর্যন্ত এলাকায় প্রায় ছয় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে একটি পোশাক কারখানার কর্মীরা।
পুলিশ জানায়, সোমবার সকালে ১০টার দিকে অবরোধ শুরুর সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে কয়েকটি গাড়িও ভাংচুর করে। পরে বিকাল ৪টার দিকে পুলিশের সহযোগিতায় যান চলাচল শুরু হয়।
তেজগাঁও পুলিশের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাসা গ্রুপের ওই কারখানায় রোববার ফাটল দেখা দেয়। এরপর বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে কারখানা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠকে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের ছাঁটাই করা হলে আইন অনুযায়ী তাদের তিন মাসের বেতন ও বকেয়া পাওনা কয়েক দিনের মধ্যে বুঝিয়ে দিতে হবে। পরে তিন পক্ষের সম্মতিতে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হয় বলে উপ কমিশনার জানান।
কিন্তু শ্রমিকদের একটি অংশ ওই সমঝোতা প্রত্যাখ্যান করে তাৎক্ষণিকভাবে পাওনা আদায়ের দাবিতে সকাল ১০টার দিকে মেট্রোপলিটন হাসপাতালের উত্তর দিকে পেট্রোল পাম্প সংলগ্ন একটি মার্কেটের সামনে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা কয়েকটি গাড়িও ভাংচুর করে বলে ঘটনাস্থলে উপস্থিত এস আই কাজল জানান।
এরপর ওই সড়ক দিয়ে মহাখালী বাস টার্মিনালের বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
নাসা গ্রুপের ওই কারখানার কর্মী জসিমউদ্দিন বলেন, “তারা আমাদের পাওনা বুঝিয়ে না দিয়েই কারখানার মালপত্র সরিয়ে নিচ্ছে। কারখানা বন্ধ করে দিতে হলে নিয়ম অনুযায়ী আমাদের বেতন-ভাতা বুঝিয়ে দিতে হবে।”
শ্রমিক বিক্ষোভের প্রায় ছয় ঘণ্টা পর পুলিশের পক্ষ থেকে শিগগিরই বেতন-ভাতা বুঝিয়ে দেয়ার আশ্বাস দেয়া হলে শ্রমিকরা অবস্থান ছেড়ে উঠে মিছিল করে মহাখালীর দিকে চলে যায়। এর পরপরই পুলিশের সহযোগিতায় যান চালাচল শুরু হয়।
বাবুল নামে এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা মঙ্গলবার সকালে আবার একই জায়গায় অবস্থান নেবেন। চাকরি ও পাওনা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
