রানাকে রিমান্ডে চায় পুলিশ
সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে দুই মামলায় ২০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
নয় তলা রানা প্লাজার মালিক কথিত যুবলীগ নেতা সোহেল রানাকে রোববার ভারত সীমান্তের কাছে বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।
পরে র্যাবের এক সংবাদ সম্মেলনে রানার উপস্থিতিতে বলা হয়, সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় মূলত রানাই দায়ী। আগের দিন ফাটল ধরার পরও তিনি ভবন খুলে দেন এবং ওই ভবনে থাকা পাঁচ কারখানার শ্রমিকদের কাজ করতে বাধ্য করেন।
অবশ্য রানার দাবি, কারখানা মালিকদের ‘চাপেই’ তিনি ফাটল ধরা ভবনে কাজ চালাতে দিয়েছিলেন।
রানা ছাড়াও ওই ভবনে থাকা পাঁচ কারখানার চার মালিক গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
ভবন ধসে হতাহতের ঘটনায় রানা ও গার্মেন্ট মালিকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ফৌজদারী দণ্ডবিধি ও ইমারত আইনে দুটি মামলা হয়েছে।
আদালতের অনুমতি নিয়ে দণ্ডবিধির মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টার অভিযোগ যুক্ত করা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
