ভবন মালিক রানা গ্রেপ্তার
সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা ভারত সীমান্তের কাছে বেনাপোলে গ্রেপ্তার হয়েছেন।
র্যাব বলছে, বেনাপোল হয়ে বিদেশে পালানোর চেষ্টায় ছিলেন রানা। এ সময় তার সঙ্গে পাওয়া গেছে দুই বোতল ফেনসিডিল।
বেনাপোলে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে করে রানাকে ঢাকায় আনা হয়। পরে র্যাব সদর দপ্তরে তাকে সাংবাদিকদের সামনে আনা হয়। রাতে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
রানার উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে র্যাবের মহা পরিচালক মোখলেসুর রহমান বলেন, “সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় মূলত রানাই দায়ী। সে শ্রমিকদের কাজ করতে বাধ্য করে।”
রোববার দুপুরে বেনাপোলের বলফিল্ড এলাকার সিএন্ডএফ ব্যবসায়ী মনিরুজ্জামান জেটির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রানাকে।
যশোর র্যাবের অধিনায়ক মেজর জাহিদুজ্জামান জানান, রানা ওই বাড়ির ভাড়াটিয়া শাহ আলম মিঠুর ঘরে আত্মগোপন করে ছিলেন। তারা দুজন দূর সম্পর্কের আত্মীয়।
মিঠু ও রানার সহযোগী অনীলকেও ওই বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অনীলের সহযোগিতায় রানা ফরিদপুর থেকে বেনাপোলে পৌঁছান বলে মেজর জাহিদুজ্জামান জানান।
এই অভিযানের নেতৃত্ব দেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান।
বিকাল ৫টায় এই তিনজনকে নিয়ে র্যাবের একটি হেলিকপ্টার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করে।
সেখান থেকে তাদের একটি সাদা মাইক্রোবাসে করে র্যর্যাব সদরদপ্তরে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির করা হয়।
র্যর্যাবের মহা পরিচালক মোখলেসুর রহমান জানান, সাভারে ভবন ধসের পর স্থানীয় এক হাসপাতালে দুই ঘণ্টা সংজ্ঞাহীন ছিলেন রানা। এরপর তিনি ঢাকায় চলে আসেন এবং বুধবার রাত কাটান মোহাম্মদপুরে শামীম নামে এক বন্ধুর বাসায়।
এরপর রানা চলে যান মানিকগঞ্জে। সেখানে আফজাল নামের এক ব্যক্তির বাসায় দুই রাত কাটান তিনি। সেখান থেকে ফরিদপুরে গিয়ে শনিবার রাত কাটান অনীলের বাড়িতে।
রোববার অনীলকে সঙ্গে নিয়েই শাহ আলম মিঠুর বাসায় পৌঁছান তিনি। সেখান থেকেই তিনজনকে গ্রেপ্তার করে র্যাব।
কোনো মহল বা কেউ আশ্রয় দিয়ে রানাকে পালাতে সহযোগিতা করেছিল কি না- এমন প্রশ্নের জবাবে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান বলেন, “না। কেউ আশ্রয় প্রশ্রয় দিলে তার বেনাপোলে যাওয়ার আগে তিন চার জায়গায় অবস্থান করতে হতো না।”
সাভার পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পরিচয়ে কিছু দিন আগেও পোস্টারে এলাকা ছেয়ে ফেলেন রানা, ওই পোস্টারে ছবি ছিল স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদেরও।
রানার বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন জিয়াউল আহসান।
দুপুরে রানাকে গ্রেপ্তারের পরপরই সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে মাইকে খবরটি সবাইকে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যিনি উদ্ধার অভিযানের তদারকির দায়িত্বে আছেন।
প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ওয়াদা করেছিলেন অপরাধী যারাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী ওয়াদা রেখেছেন।”
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এ সময় বলেন, “যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচারর মুখোমুখি করা হবে। আর যারা এখানো আটক হয়নি, তাদেরও গ্রেপ্তার করা হবে।
সাংসদ তালুকদার মো. তৌহিদ জং মুরাদও এ সময় সেখানে উপস্থিত ছিলেন, যিনি রোববার সকালে ধসের পর রানাকে ওই ভবন থেকে বের করে আনেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরপরই উপস্থিত জনতা রানার ফাঁসির দাবিতে স্লোগান দিতে শুরু করলে উত্তেজনা সৃষ্টি হয়।
নানক বলেন, “আপনারা থামুন, আমরা জানি কী করতে হবে।”
এতে উপস্থিত জনতা আরো উত্তেজিত হয়ে উঠলে প্রতিমন্ত্রীর নির্দেশে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের হঠিয়ে দেয়।
বুধবার সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা রানা প্লাজা ধসে পড়ার পর নিহতের সংখ্যা প্রায় চারশ জনে পৌঁছেছে।
আগের দিন ফাটল ধরার পরও ওই ভবনে থাকা পাঁচটি গার্মেন্ট কারখানায় শ্রমিকদের পরদিন সকালে কাজে যোগ দিতে বাধ্য করা হয় বলে বেঁচে ফিরে আসা শ্রমিকরা অভিযোগ করেছেন।
এ ঘটনায় রানা ও গার্মেন্ট মালিকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ফৌজদারী দণ্ডবিধি ও ইমারত আইনে দুটি মামলা হয়েছে। পরে আদালতের অনুমতি নিয়ে দণ্ডবিধির মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টার অভিযোগ যুক্ত করা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
