রানাকে গ্রেপ্তারে খুলনায় অভিযান
সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে গ্রেপ্তারের জন্য খুলনায় নিস্ফল অভিযান চালিয়েছে পুলিশ ও র্যাব।
সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, রানা খুলনায় রয়েছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকার মোস্তফা মল্লিকের মালিকানাধীন দুটি বাড়িতে অভিযান চালানো হয়।
দুটি বাড়ির বিভিন্ন কক্ষে র্যাব ও পুলিশের যৌথ তল্লাশিতেও রানাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান ওসি।
বুধবার সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা রানা প্লাজা ধসে পড়ার পর নিহতের সংখ্যা সাড়ে তিনশ ছাড়িয়ে গেছে।
আগের দিন ফাটল ধরার পরও ওই ভবনে থাকা পাঁচটি গার্মেন্ট কারখানায় শ্রমিকদের পরদিন সকালে কাজে যোগ দিতে বাধ্য করা হয় বলে বেঁচে ফিরে আসা শ্রমিকরা অভিযোগ করেছেন।
এ ঘটনায় কথিত যুবলীগ নেতা রানা ও গার্মেন্ট মালিকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় দুটি মামলা হয়েছে। তিন গার্মেন্ট মলিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরকার রানাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে বলে বিএনপি অভিযোগ করলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, রানাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট।
