২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অগ্নিসংযোগ

সাভারে ধসে পড়া ভবন মালিক সোহেল রানার ফাঁসি এবং ওই ভবনের গার্মেন্ট মালিকদের বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 06:02 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

এতে সোমবার বেলা সাড়ে ১১টার পর থেকে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

জয়দেবপুর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, সোহেল রানার ফাঁসির দাবিতে জয়দেবপুর চৌরাস্তা, বোর্ডবাজার, কোনাবাড়ি, ভোগড়া বাইপাসসহ ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করে।

এ সময় রানা প্লাজার গার্মেন্ট মালিকদেরও বিচার দাবিতে স্লোগান দেয় তারা।

ঘণ্টাখানেক পর সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

বেলা সাড়ে ১২টার দিকে সড়কে যান চলাচল শুরু হওয়ার পর শ্রমিকরা বোর্ডবাজার এলাকায় একটি প্রাইভেটকার ও একটি মটরসাইকেলে আগুন দেয় বলে জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হক জানান।

সড়কে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল রয়েছে।