চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট হচ্ছে
দেশে চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে ডিগ্রি ও কারিগরি প্রশিক্ষণ দিতে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে সরকার।
রোববার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট বিল-২০১৩ সংসদে উত্থাপন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
পরীক্ষা শেষে তিন সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন চেয়ে বিলটি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
দেশের চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মানে ‘দক্ষ ও যোগ্য নির্মাতা এবং কলাকুশলী সৃষ্টির’ জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি ও কারিগরি প্রশিক্ষণ দিতেই এ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে।
এই ইনস্টিটিউট চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাণসংশ্লিষ্ট বিষয়ে স্বল্পকালীন কোর্সের আয়োজন এবং ডিপ্লোমা ও স্নাতক ডিগ্রি প্রদান করতে পারবে বলে প্রস্তাবিত আইনে বিধান রাখা হয়েছে। এসব বিষয়ে গবেষণার কার্যক্রম গ্রহণেরও বিধান রাখা হয়েছে এতে।
চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের বিশেষ অবদানের জন্য কোনো ব্যক্তিকে বিশেষ সম্মাননা দিতে পারবে এ প্রতিষ্ঠান।
ইনস্টিটিউটের গভর্নিং বডিতে তথ্য, জনপ্রশাসন, অর্থ, সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন করে কর্মকর্তাকে রাখা হয়েছে।
গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে তথ্য সচিব বা সরকার মনোনীত চলচ্চিত্র বা টেলিভিশনের সঙ্গে সংশ্লিষ্ট ‘বরেণ্য’ ব্যক্তিকে রাখার প্রস্তাব করা হয়েছে। সরকার নিযুক্ত ব্যক্তিকে ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হিসেবে রাখা হয়েছে।
প্রধান নির্বাহী ইনস্টিটিউটের সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে নিযুক্ত থাকবেন বলেও বিলে বলা হয়েছে।
