২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেক কারখানা মালিক গ্রেপ্তার

সাভারে ধসে পড়া ভবনে থাকা বাকি কারখানাটির মালিক আনিসুর রহমানও গ্রেপ্তার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 04:25 PM

Updated : 13 Oct 2022, 02:50 PM

পুরনো খবর:

গ্রেপ্তার কারখানা মালিক আমিনুলও রিমান্ডে
আরো এক গার্মেন্ট মালিক গ্রেপ্তার
গ্রেপ্তার কারখানা মালিক ও প্রকৌশলীরা রিমান্ডে

ইথার টেক্স কারখানার এই মালিককে রোববার রাতে রমনা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান।

প্রায় চারশ মানুষের প্রাণহানির ঘটনায় করা মামলায় ভবনের মালিক সোহেল রানাকে রোববার আটকের পর গ্রেপ্তার হলেন আনিসুর।

এর মধ্যদিয়ে ওই ভবনে থাকা পাঁচটি কারখানার মোট চার মালিকই গ্রেপ্তার হলেন। এর আগে গ্রেপ্তার হন- ফ্যান্টম অ্যাপারেলস ও ফ্যান্টম ট্যাকের মালিক আমিনুল ইসলাম, নিউ ওয়েভ বটমের মালিক মাহমুদুর রহমান তাপস এবং নিউ ওয়েভ স্টাইলের মালিক বজলুস সামাদ আদনান।

তাদের তিনজনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গত বুধবার ভবন ধসের পর পুলিশ ও রাজউক বাদী হয়ে দুটি মামলা করে, যাতে ভবন মালিক এবং কারখানা মালিকদের আসামি করা হয়।

রোববার একটি মামলায় হত্যা প্রচেষ্টার অভিযোগও যোগ করেছে পুলিশ, যাতে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

রানা প্লাজায় মঙ্গলবার ফাটল দেখা দেয়ার পরও সেখানে থাকা পোশাক কারখানাগুলোতে কাজ চলছিল। শ্রমিকদের অভিযোগ, তাদের কাজে যোগ দিতে বাধ্য করা হয়।

মামলার আসামি সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইমতেমাম হোসেন ও সহকারী প্রকৌশলী আলম মিয়াকেও গ্রেপ্তারের পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

দুই মামলায় ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানাও আসামি। তাকে রোববার যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।