২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার কারখানা মালিক আমিনুলও রিমান্ডে

ভবন ধসে পৌনে চারশ’ প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার কারখানা মালিক আমিনুল ইসলামকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 10:35 AM

Updated : 25 Apr 2022, 06:40 PM

এদিকে এই ঘটনায় করা মামলায় হত্যা প্রচেষ্টার অভিযোগও যোগ করেছে পুলিশ, যাতে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

সাভারে ধসে পড়া রানা প্লাজায় যে পাঁচটি কারখানা ছিল, তার মধ্যে দুজনকে শুক্রবার রাতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য শনিবার হেফাজতে পায় পুলিশ।

শনিবার রাতে গ্রেপ্তার করা হয় আমিনুল ইসলামকে (৫০), যিনি ফ্যান্টম অ্যাপারেলস ও ফ্যান্টম ট্যাকের মালিক।

পুলিশ ও রাজউকের করা দুই মামলায় তাকে সাত দিন করে ১৪ দিন জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে শনিবার তাকে ঢাকার আদালতে তোলেন মামলা দুটির তদন্ত কর্মকর্তা এসআই কাইসার মাতুব্বর।

শুনানি শেষে বিকালে হাকিম ওয়াসিম শেখ আসামিকে পুলিশের মামলায় ছয় দিন এবং রাজউকের মামলায় ৫ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আদালতে আমিনুলের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মো. সিরাজুল ইসলাম।

আমিনুল অসুস্থ দাবি করে তিনি বলেন, “তিনি ঘটনার আগ থেকে সাত দিন তার কার্যালয়ে যাননি। কোনো শ্রমিককে রানা প্লাজায় ঢোকার জন্য জোরও খাটাননি।”

তবে বিচারক জামিনের ওই আবেদন নাকচ করে দেন।

গত বুধবার রানা প্লাজা ধসের পর সাভার মডেল থানায় দায়ের পুলিশের মামলায় যে ধারায় অভিযোগ আনা হয়, তার সঙ্গে আরো কঠোর কিছু ধারা যোগ করার অনুমতি চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বিচারক ওয়াসিম শেখ তা অনুমোদন করেন। 

পুলিশ শুধু অবহেলায় মৃত্যুর অভিযোগে পাঁচটি ধারায় মামলা করেছিল, যার সবগুলো ধারাই জামিনযোগ্য।

কিন্তু রোববারে যোগ করা ৩০৪ ধারার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর কারাদণ্ড ও জরিমানা, ৩০৭ ধারার শাস্তি ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড, ৩২৬ ধারার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর কারাদণ্ড ও জরিমানা, ৩২৫ ধারার শাস্তি সাত বছর কারাদণ্ড ও জরিমানা, ৩২৪ ধারার শাস্তি তিন বছর কারাদণ্ড বা  জরিমানা বা উভয় দণ্ড।

আগের ধারাগুলো জামিনযোগ্য হলেও নতুন যোগ হওয়া ৩২৪ ও ৩২৫ ধারা ছাড়া সব ধারাই জামিনঅযোগ্য।

নতুন ধারা যোগ করার কারণ জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামিনযোগ্য ধারায় মামলাটি দায়ের করায় পুলিশ কর্তৃপক্ষ ও তদন্ত কর্মকর্তা ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।”

গৃহ নির্মাণ আইনের ১২ ধারায় করা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মামলায় সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ডের বিধান রয়েছে।

রানা প্লাজায় মঙ্গলবার ফাটল দেখা দেয়ার পরও সেখানে থাকা পোশাক কারখানাগুলোতে কাজ চলছিল। শ্রমিকদের অভিযোগ, তাদের কাজে যোগ দিতে বাধ্য করা হয়।

এর আগে যে দুটি কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন- নিউ ওয়েভ বটমের মালিক মাহমুদুর রহমান তাপস এবং নিউ ওয়েভ স্টাইলের মালিক বজলুস সামাদ আদনান।

দুই মামলায় তাদের ছয় দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

মামলার আসামি সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইমতেমাম হোসেন ও সহকারী প্রকৌশলী আলম মিয়াকেও গ্রেপ্তারের পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

দুই মামলায় ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানাও আসামি। তাকে রোববার যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ রয়েছে, নয় তলা ভবন রানা প্লাজা নির্মাণে ইমারত আইন অনুসরণ করা হয়নি।

পুরনো খবর:

গ্রেপ্তার কারখানা মালিক ও প্রকৌশলীরা রিমান্ডে