আরো এক গার্মেন্ট মালিক গ্রেপ্তার
সাভারে ধসে পড়া রানা প্লাজার আরো এক গার্মেন্ট মালিককে রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফ্যান্টম অ্যাপারেলসের মালিক মো. আমিনুল ইসলামকে (৫০) রাজধানীর রমনা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত সাড়ে ১০টার দিকে রমনা এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফ্যান্টম অ্যাপারেলস ও ট্যাকের চেয়ারম্যান।”
এর আগে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইলের মালিক মাহবুবুর রহমান তাপস ও বজলুস সামাদ আদনানকে। এছাড়া সকালে দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌরসভার দুই প্রকৌশলীকেও গ্রেপ্তার করা হয়।
এই চার জনকে জিজ্ঞাসাবদে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এদের মধ্যে দুই কারখানা মালিককে দুটি মামলার প্রত্যেকটিতে ছয় দিন করে এবং দুই প্রকৌশলীকে প্রতিটি মামলায় চার দিন করে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত বুধবার রানা প্লাজা ধসের পর রাজউক এবং পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করে। দুই মামলায় ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানাও আসামি, তবে তিনি পলাতক রয়েছেন।
বহুতল ওই ভবনে যে পাঁচটি কারখানা ছিল, তার বাকি তিনটির মালিককেও মামলায় আসামি করা হয়েছে।
ওই ভবন ধসে নিহতের সংখ্যা ইতোমধ্যে সাড়ে তিনশ’র ছাড়িয়ে গেছে। অভিযোগ রয়েছে, ওই ভবনটি নির্মাণে আইন অনুসরণ করা হয়নি।
মামলায় অবহেলায় মৃত্যু, ইমারত নির্মাণ আইন মেনে না চলাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।
পৌর যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন ওই ভবনে মঙ্গলবার ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। বেঁচে আসা শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়েছিল।
