২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসনাত আবদুল হাইকে গ্রেপ্তারের রিট ‘খারিজ’

‘ঘৃণা’ উস্কে দেয়ার অভিযোগে লেখক হাসনাত আবদুল হাইকে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে করা রিট ‘উপস্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

Image
হাসনাত আবদুল হাই

হাসনাত আবদুল হাই

প্রাথমিক শুনানির পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন রোববার এই আদেশ দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. অহিদুজ্জামান গত ২১ এপ্রিল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। রিটে শাহবাগের আন্দোলনকারী নারীদের নিয়ে লেখা গল্পের মাধ্যমে হাসনাত ‘ঘৃণা’ উস্কে দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান আদালতের অনুমতি নিয়ে নিজেই রিটের পক্ষে শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

আদেশের পরে বিশ্বজিত সাংবাদিকদের বলেন, “আদালত বলেছেন-এটা একটা গল্প। এ রকম অনেক লেখকের গল্পই মানুষের জীবনের সঙ্গে মিলে যায়। এক্ষেত্রে আদালত যদি রুল জারি করে তাহলে পরবর্তীতে সংক্ষুব্ধ অনেকেই আদালতে আসবে। এ কারণে আমরা রুল দিতে চাচ্ছি না। আমরা খারিজ করে দিচ্ছি।’

আবেদনকারী তখন ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করতে বললে আদালত তাই করেন। এর ফলে আবেদনকারী এই আবেদন নিয়ে হাই কোর্টের অন্য বেঞ্চে যেতে পারবেন।

অধ্যাপক মো. অহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অন্য কোর্টে যাব। তবে কখন যাব সে সিদ্ধান্ত এখনো নেইনি।”

তার রিট আবেদনে বলা হয়, ১৪ এপ্রিল প্রথম আলোর বাংলা নববর্ষ সংখ্যায় ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শিরোনামে ওই গল্পের মধ্যে দিয়ে দাঙ্গা-হাঙ্গামা ও ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছেন হাসনাত আবদুল হাই। তার লেখা ওই গল্পের কারণে শাহবাগ আন্দোলনে সম্পৃক্ত নারী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বিব্রত হতে পারেন।

রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার জেলা প্রশাসক, ধানমন্ডি জোনের সহকারী কমিশনার, ধানমন্ডি থানার ওসি, জেলা ম্যাজিস্ট্রেট ও হাসনাত আব্দুল হাইকে বিবাদী করা হয়।

বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ৩ ধারা অনুসারে হাসনাত আব্দুল হাইকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও ধানমণ্ডি জোনের সহকারী কমিশনারের প্রতি নির্দেশনা চাওয়া হয় আবেদনে।

পাশাপাশি দণ্ডবিধির ১৫৩(এ), ৫০৪, ৫০৫ ও ৫০৯ ধারা অনুসারে সংগঠিত অপরাধের জন্য তাকে আটক করে বিচারের মুখোমুখি করতেও বিবাদীদের প্রতি নির্দেশনা চান আবেদনকারী।

বাংলা একাডেমী ও একুশে পদকজয়ী লেখক ও সাবেক সরকারি কর্মকর্তা হাসনাত আবদুল হাইয়ের ওই লেখা প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী টিএসসিতে প্রথম আলোর কপিতে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদ জানায়।

গল্পটিতে শাহবাগ আন্দোলনকারী নারীদের ‘অমর্যাদাকরভাবে উপস্থাপন’ করা হয়েছে- এমন অভিযোগ আসে শাহবাগের আন্দোলনকারীদের মধ্য থেকেও।

তীব্র সমালোচনার মধ্যে প্রথম আলো কর্তৃপক্ষ গল্পটি প্রত্যাহার করে নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। লেখক নিজেও ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেন, গল্পটি তিনি অন্য কোথাও অন্তর্ভুক্ত করবেন না।

পুরনো খবর:

প্রতিক্রিয়া ও পোড়ানোর মধ্যে প্রথম আলোর ক্ষমা প্রার্থনা