শৈলকুপায় ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের বিক্ষোভ
গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের প্রধান সেচ খালের পাড় ভেঙ্গে ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিপূরণ দাবি করে বিক্ষোভ করেছে ঝিনাইদহের শৈলকুপার কৃষকরা।
রোববার দুপুরে উপজেলার চর বাখরবা, পুরাতন বাখরবা, গোয়ালবাড়িয়া গ্রামের কয়েকশ’ ক্ষতিগ্রস্ত কৃষক পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে।
পরে তারা শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে সমাবেশ করে।
শুক্রবার রাতে জিকে প্রকল্পের প্রধান সেচ খালের পাড় ভেঙ্গে সংলগ্ন কয়েকটি এলাকার প্রায় দু’হাজার বিঘা জমির বিভিন্ন ফসল তলিয়ে যায়।
এ ঘটনার জন্য কৃষকরা পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করেন।
সমাবেশে বক্তব্য দেন শৈলকুপা উপজেলার ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, সারুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুর রহমান, স্বপন বাগচি, আমজাদ হোসেন, ওয়াজেদ আলি প্রমুখ।
পরে বিক্ষুদ্ধ কৃষকরা ইউএনও বরাবর ফসলের ক্ষতিপূরণ চেয়ে একটি স্মারকলিপি দেন।
গঙ্গা-কপোতাক্ষ প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওবায়দুর রহমান জানান, কাদের গাফেলতিতে খালের পাড় ভেঙ্গে ফসল প্লাবিত হয়েছে সে ব্যাপারে একটি তদন্ত টিম গঠন করা হবে।
দায়ীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
