২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হরতালে ট্রাকে আগুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে বগুড়ায় একটি ট্রাকে অগ্নিসংযোগ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 09:03 AM

Updated : 25 Apr 2022, 06:40 PM

রাজশাহীতে জামায়াতে ইসলামী নেতাকে গ্রেপ্তার এবং চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্র শিবিরকর্মীকে ‘হত্যার’ প্রতিবাদে রাজশাহী বিভাগে রোববার আধাবেলার এ হরতালের ডাক দেয় দলটি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল আটটার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল থেকে সরকারি আজিজুল হক কলেজের সামনে পাঁচ/ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এছাড়া পৌনে ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া ফিলিং স্টেশনের কাছে একটি ট্রাকে আগুন দেয়া হয়।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, স্থানীয়রা অভিযোগ করেছেন, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসে পেট্রোল ঢেলে ওই ট্রাকটিতে আগুন দেয়। তাদের একজন ক্যামেরা দিয়ে ওই আগুনের দৃশ্য ধারণ করছিল।

“তিনি কোনো টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যান হতে পারেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন।”

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।

এ ঘটনায় তিন শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলে জানান বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম ।

আটকরা হলেন- আব্দুর রাজ্জাক (১৮) , আব্দুর রহমান (১৮) ও গোলাম আযম(১৮)।

এছাড়া বন্দর এলাকা থেকে শাজাহানপুর উপজেলার বামুনিয়া গ্রামের প্রয়াত আব্বাসের ছেলে হারুনুর রশিদ (২৮ ), খরনা কমলাচাপড় এলাকার রুস্তমের ছেলে আব্দুল কাদের (২০ ) ও ডোমনপুকুর এলাকার আব্দুর রাজ্জাক (২৩ ) নামে তিন পিকেটারকে আটক করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আতিয়ার রহমান জানান, এরা মিছিল থেকে বন্দর এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টা করছিল।