২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরীন মালিককে গ্রেপ্তারে রিট

আশুলিয়ার পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে রিট হয়েছে হাই কোর্টে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 08:09 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রোববার এই রিট আবেদন জমা দেন। এর বাদী হিসাবে রয়েছেন নাজনীন আকতার বানু, সায়েদা গুলরুখ কামাল ও মাহমুদুল হাসান সুমন।

রিটে রুল জারির আর্জির পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

রুল জারির ৭ দিনের মধ্যে দণ্ডবিধির ৩০৪এ/৩৪ ধারায় মামলা দায়ের করে তাজরীনের মালিককে গ্রেপ্তারে পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, সাভার ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

মালিকের ‘ইচ্ছাকৃত অবহেলার’ কারণে তাজরীনের ১১২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তারে বিবাদীদের ‘নিষ্ক্রিয়তা’ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাজরীনের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, সাভার ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে রুল চেয়েছেন রিটকারী।

এছাড়া অগ্নিকাণ্ডের ওই ঘটনায় গত ১৭ ডিসেম্বর দাখিল করা তদন্ত প্রতিবেদন হাই কোর্টে উপস্থাপনের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে স্বরাষ্ট্র সচিব, শ্রম সচিব, বিজিএমইএ সভাপতি, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, ভারপ্রাপ্ত কর্মকর্তা সাভার ও আশুলিয়া, তাজরীনের ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ও সহকারি পরিচালককে বিবাদী করা হয়েছে।

গত বছর ২৪ নভেম্বর তাজরীনে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক শ্র্রমিক প্রাণ হারান, পুড়ে যাওয়ার কারণে যাদের অনেকেরই পরিচয় জানা যায়নি। 

আগুন লাগার সময় কারখানার কলাপসিবল গেইটে তালা থাকায় হতাহতের সংখ্যা এতো বেড়েছে বলে অভিযোগ করেন বেঁচে যাওয়া শ্রমিকরা।