২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হরতাল-ভাংচুরের সময় এটা নয়’

সাভারে ভবনধসে হতাহতের ঘটনায় হরতাল, ভাংচুর অগ্নি সংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 06:45 AM

Updated : 25 Apr 2022, 06:40 PM

তিনি বলেছেন, “এখন এই সময় না। এখন একজনের পাশে আরেকজনকে দাঁড়াতে হবে। এই সময় রাস্তায় নেমে গাড়ি ভাংচুর কারো কাম্য নয়।”

রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।

রানা প্লাজা ধসে যারা কাজ হারিয়েছেন, তাদের এক হাজার জনকে এ খাতের অন্যান্য কারখানার মালিকরা চাকরি দেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

বুধবার সাভারে ভবন ধসে সাড়ে তিন শতাধিক পোশাক শ্রমিক নিহতের পর গার্মেন্ট কর্মীরা গত তিন দিনে রাজধানীসহ বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ ও ভাংচুর চালায়।

ওই ভবনের মালিক যুবলীগ নেতা সোহেল রানাসহ ভবনে থাকা পোশাক কারখানাগুলোর মালিকদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে আগামী ২ মে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

একই দিনে বাম দলগুলোও আলাদাভাবে হরতাল কর্মসূচি দিয়েছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই রানা প্লাজার উদ্ধার কার্যক্রম প্রসঙ্গে বলেন, ‘অনেক দ্রুত’ এই উদ্ধার কাজ চালানো হয়েছে।

“মানবতার বোধ যে কতো প্রবল তার প্রমাণ হয়েছে। নানা প্রতিকূলতা এই মানবতা বোধকে রুখতে পারে নাই।”

ভবন ধসের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে সারা দেশে ‘সতর্কতা’ জারি করা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “যে যে দলেরই হোক না কোন- অপরাধীকে অপরাধী হিসাবে দেখবে।”

রানা প্লাজা ধসে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার কথাও বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, শ্রমিকদের আইনগত সহায়তা দিতে জেলা লিগ্যাল এইড অফিসের পাশাপাশি ‘শ্রমিক সহায়তা সেল’ গঠন করা হবে।

তিনি বলেন, “আমরা শ্রমিক সহায়তা সেল গঠন করব। যাতে শ্রমিকরা ন্যায় বিচার পায়। সেই ব্যবস্থা আমরা করে দেব।”

প্রতিটি জেলায় একটি করে স্থায়ী ‘লিগ্যাল এইড অফিস’ স্থাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব কার্যালয়কে কেবল আইনি সহায়তা কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ রাখতে চায় না সরকার।

বিচারপ্রার্থী জনগণের কল্যাণে এই অফিসকে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসাবেও কাজে লাগানোর আগ্রহের কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারের চার বছরে নারী-পুরুষ-শিশুসহ প্রায় ৪৮ হাজার পাঁচশ মানুষ সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছে। সরকারি আইন সহায়তা কার্যক্রমের আওতায় ১৯ হাজার দশটি মামলার নিষ্পত্তি হয়েছে।

বিচার বিভাগকে নির্বাহী বিভঅগ থেকে আলাদা করার প্রক্রিয়াকে স্থায়ীরূপ দিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন।

তিনি জানান, বিশেষ ধরণের মামলাসহ অন্যান্য বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষে ১২টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, একটি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল, ৬২টি পরিবেশ আদালত, দুটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, তিনটি মহানগর দায়রা জজ আদালত এবং ঢাকা ও চট্টগ্রামে দুটি সাইবার ট্রাইব্যুনাল স্থাপনের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন।

প্রধানমন্ত্রী বলেন, “ঢাকা মহানগরে আদালতের সংখ্যা বাড়ানো উচিত। ঢাকা সিটি কর্পোরেশনকে যেমন দু’ভাবে ভাগ করা হযেছে। তেমনি আদালতকে দুই বা চার ভাগে ভাগ করার বিষয়টিও ভাবা হচ্ছে।”

অন্যদের মধ্যে আইনমন্ত্রী শফিক আহমেদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার অনুষ্ঠানে বক্তব্য দেন।