২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্র্যাজেডি: ‘দায়ী সরকারের প্রশ্রয়’

সাভারের মতো ঘটনা অতীতে ঘটলেও সরকারের ‘বিশেষ প্রশ্রয়ে’ দোষীরা পার পেয়ে গেছে- সরকার ও বিরোধী দলের দুই প্রতিনিধিকেই এমন অভিযোগের মুখোমুখি হতে হলো একটি সংলাপে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 08:00 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

আর তারাও স্বীকার করলেন এক্ষেত্রে সরকারগুলোর সহানুভূতি পেয়ে সংশ্লিষ্টরা ফায়দা নিয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে খোলাখুলি কথা বলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও বিএনপির স্থায়ী কমিটির এই এম কে আনোয়ার।

আলোচনা একজন দর্শক মন্তব্য করেন- অতীতে কারখানাগুলোতে ভবন ধস, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় শত শত শ্রমিক প্রাণ হারালেও তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর প্রতি প্রত্যেক সরকারি দলের ‘বিশেষ প্রশ্রয়ের কারণে’ এসব ঘটনার সাথে সংশ্লিষ্টদের কোনো বিচার হয়নি।

এর জবাবে এইচ টি ইমাম বলেন, “আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বলতে পারি এর বিচার অবশ্যই হবে।”

পোশাক মালিকদের প্রতি প্রত্যেক সরকারি দলের ‘বিশেষ প্রশ্রয়ের’ বিষয়টি স্বীকার করে নিয়ে তিনি বলেন, “অতীতে বিচার হয়নি বলেই এরকম দুর্বৃত্তায়ন হয়েছে। আমরাও তাদেরকে যথেষ্টরকম সহযোগিতা করেছি এবং প্রশ্রয় দিয়েছি। এবার আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এম কে আনোয়ার বলেন, “আমি একশ ভাগ নিশ্চয়তা দিয়ে বলে রাখছি যে এর কোনো বিচার হবে না। কারণ যেখানে এই সরকার হত্যার দায়ে সাজাপ্রাপ্ত ২৫ জনকে ক্ষমা করে দিয়েছে সেখানে এই বিচারও হবে না।”

অবশ্য ‘সরকারি প্রশ্রয়ের’ বিষয়টি তিনিও স্বীকার করেন। এম কে আনোয়ার বলেন, “প্রত্যেকটি সরকারই বিজিএমইএ’র ত্রুটি বিচ্যুতি সহানুভূতির দৃষ্টিতে দেখেছে।”

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো. ইয়াকুব আলী নামের এক দর্শক প্রশ্ন রখেন, রানা প্লাজা ধসে শত শত মানুষ নিহত হল। এই দায় দায়িত্ব কার?

উত্তরে অনুষ্ঠানের আরেক প্যানেল আলোচক সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর গবেষণা পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, “এই দায় সরকার, বিজিএমইএ এবং ভবন মালিক সবার।”

এ সময় উপস্থিত অধিকাংশ দর্শক তার সঙ্গে সহমত পোষণ করেন।

এছাড়া সংলাপে রানা প্লাজার মালিক মাসুদ রানাকে এখন পর্যন্ত গ্রেপ্তার না করার সমালোচনা করে এম কে আনোয়ার বলেন, “সরকার যদি দায়িত্ব নিতেই চায় তাহলে ভবন মালিককে কেন গ্রেপ্তার করছে না?”

একই প্রশ্ন রেখে আরেক প্যানেল আলোচক বিজিএমইএ সভাপতি মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, “এই দুর্ঘটনার জন্য মালিকদের দায় অবশ্যই আছে। বিজিএমইএ এই প্রথমবারের মত দুজন মালিককে ডেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে। তবে সরকার কেন এখন পর্যন্ত ভবন মালিককে গ্রেপ্তার করছে না? আমরা কি জানি না মালিক কোথায় আছে?”

পুরো সংলাপ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেন।