বৃষ্টির মধ্যে চলছে উদ্ধারকাজ
কালবৈশাখী ঝড়ের পর গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে সাভারে ধসে পড়া ভবনে উদ্ধার কাজ ফের শুরু হয়েছে।
আমাদের সাভার প্রতিনিধি সেলিম আহমেদ জানিয়েছেন, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ঝড় শুরু হলে উদ্ধারকর্মীরা নিরাপদ আশ্রয়ে চলে যান। এতে প্রায় ১৫ মিনিট উদ্ধারকাজ বন্ধ ছিল।
এর আগে দুপুরেও একদফা বৃষ্টিতে উদ্ধারকাজে সাময়িক বিঘ্ন ঘটে।
সে সময় উদ্ধার অভিযানে অংশ নেয়া ফায়ার সার্ভিসের পরিচালক মেজর মোহাম্মদ মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টিতেও তাদের কাজ চলবে।
এদিকে রাত ১০টার দিকে রানা প্লাজার তৃতীয় তলায় আরো চার জীবিত নারীর সন্ধান পায় উদ্ধারকর্মীরা। এদের একজনের নাম ফজিলা খাতুন। তার বাড়ি দিনাজপুরের মীর্জাপুর গ্রামে।
তার ভাই আক্তার হোসেন জানিয়েছেন, উদ্ধারকর্মীদের সহায়তায় তিনি মোবাইল ফোনে বোনের সঙ্গে কথা বলেছেন।
এছাড়া একই সময় চুল কেটে আরো এক নারী শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল দুপুর পর্যন্ত ঢাকা অঞ্চলের ওপর দিয়ে দমকা হওয়াসহ ঝড়ো বৃষ্টিপাত হতে পারে।
জীবিত সর্বশেষ ব্যক্তিটিকে উদ্ধার করা পর্যন্ত তল্লাশি চলবে বলে উদ্ধার কাজে নেতৃত্ব দেয়া সেনাবাহিনী জানিয়েছে। ধ্বংসস্তূপ থেকে চার দিনে প্রায় সাড়ে তিনশ’ লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আড়াই হাজার জনকে।
