মাংস মুখে পিঁপড়ার দীর্ঘ মিছিল
সাভারে ধসে পড়া ভবনের পূর্ব পাশের সিড়ির নিচে এখনও চাপা পড়ে আছে মানুষের লাশ। বহুতল ভবনের সিড়ি দুমড়ে-মুচড়ে পড়ে আছে তাদের ওপর।
এদের একজন কাল রঙের প্যান্ট পরা।উপুর হয়ে আছেন। তার উপর পুরো সিড়ি ধসে পড়ে শরীরের বাকী অংশ ঢেকে রেখেছে। কোনভাবেই বোঝার উপায় নেই-তিনি পুরুষ না নারী।
উদ্ধারকর্মীরা জানান, দেহের যে অংশ দেখা যাচ্ছে সে অংশ কেটে বের করতে হবে। বাকীটুকু সম্ভব নয়।
আরেক ব্যক্তির শুধু মাথা বের হয়ে আছে। কালচে হয়ে গেছে। ফুলে উঠেছে চোয়াল, কপাল।
বাতাসে ছড়াচ্ছে উৎকট গন্ধ। ওই মৃতদেহের ওপর ভনভন করছে মাছি। ছেয়ে গেছে পোকা-মাকড়ে। মানুষের মাংস মুখে নিয়ে পিপড়ার দীর্ঘ মিছিল আসা-যাওয়া করছে।
এদিকে সময় যতই গড়াচ্ছে দীর্ঘ হচ্ছে লাশের সারি। সঙ্গে নিখোঁজের তালিকাও। বাতাসে লাশের গন্ধ ততোই তীব্র হচ্ছে। ক্ষীণ হয়ে আসছে আটকে পড়াদের বাঁচার শেষ সম্ভাবনা। শোকে কাতর সাভারবাসী।
থামছেনা তাদের মাতম। প্রিয়জনদের খোঁজে এখানে-সেখানে দৌড়ে বেড়াচ্ছেন অনেকেই। কিন্তু খোঁ মিলছেনা প্রিয়জনের, জীবিত বা মৃত।
অনেকেই উদ্ধার-তৎপরতায় ক্ষুব্ধ, হতাশ। প্রতিবাদে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে।
সাভারে বহুতল ভবন ধসের ঘটনায় শনিবার বিকাল ৬টা পর্যন্ত ৩৪৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৩৪১ জনের লাশ। এছাড়া ২২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।
সব মিলিয়ে জীবিত উদ্ধারের সংখ্যা ২,৭৪৫ জনে দাঁড়িয়েছে।
এদিকে সময় যতো গড়াচ্ছে ততোই দীর্ঘ হচ্ছে নিখোঁজদের তালিকা। শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ তালিকায় এক হাজার ছাড়িয়ে গেছে।
