২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধসে প্রাণহানি, প্রতিনিধি পাঠাচ্ছে কানাডীয় প্রতিষ্ঠান লবল

সাভারে ভবন ধসে বহু সংখ্যক শ্রমিকের প্রাণহানির প্রেক্ষাপটে বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কানাডার পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান লবল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শুক্রবার কানাডিয়ান টেলিভিশনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

লবলের স্টোরে দেশটির পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান ‘জো ফ্রেশ’র পোশাক বিক্রি হয়। ধসে পড়া রানা প্লাজার একটি গার্মেন্ট থেকে পোশাক কিনতো ‘জো ফ্রেশ’।

ভবন ধসে পোশাক শ্রমিক হতাহতের খবর জানাজানির পর ‘জো ফ্রেশ’ ব্রান্ডের বাংলাদেশি পোশাক বর্জনের হুমকি দেয় কানাডার ক্রেতারা।

এ পরিস্থিতিতে বাংলাদেশে শীর্ষ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে সন্ধ্যায় লবলের একটি বিবৃতিতে বলা হয়, এই ‘মর্মান্তিক’ ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন প্রতিনিধিরা।

বিবৃতিতে প্রতিষ্ঠানটির মুখপাত্র জুলিজা হান্টার বলেন, “স্থানীয়দের উদ্ধার তৎপরতায় সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের বিষয়ে অন্যান্য বিক্রেতাদের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।”

বাংলাদেশে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে  পোশাক কর্মীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতে লবল কাজ করে যাবে বলে জানান তিনি।

এদিকে, বাংলাদেশে শ্রমিক হতাহতের এই ঘটনার প্রেক্ষাপটে আগামী সোমবার 'জরুরি বৈঠকে' বসছে কানাডার পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিটেইল কাউন্সিল অব কানাডা।

সংগঠনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ডায়ানে ব্রিসবোইস বলেন, শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতে ‘কী কী পদক্ষেপ নেয়া হয়েছে এবং আরো কী কী পদক্ষেপ নিতে হবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। আমাদের কোথায় চাপ প্রয়োগ করতে হবে তাও আলোচনা হবে। বিষয়গুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা করা হবে।”

গত বুধবার সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নয়তলা ভবন ‘রানা প্লাজা’ ধসে পড়ে, যার কয়েকটি ফ্লোরে পাঁচটি গার্মেন্ট কারখানায় পাঁচ থেকে ছয় হাজার শ্রমিক কাজ করতেন।

ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ইতোমধ্যে সাড়ে তিনশ’র বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই হাজারের বেশি মানুষ। এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে।