২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে আরেকটি কারখানায় ফাটল, বন্ধের নোটিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পর শহরের আরেকটি পোশাক কারখানায় ফাটলের খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

গত বৃহস্পতিবার শহরের জামতলা এলাকায় উদয়ন সোয়েটার কারখানা পরিদর্শন শেষে তা সাত দিন বন্ধ রাখার নির্দেশ দেয় সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ তলা আবাসিক ভবনের অনুমোদন নিয়ে ভবন মালিক তা ছয় তলা পর্যন্ত বাড়িয়েছেন। এই ভবনেরই দুটি তলা জুড়ে রয়েছে সোয়েটার কারখানাটি।

তিনি আরো জানান, ভবনের দ্বিতীয় তলায় মালিক সপরিবারে বসবাস করেন, নীচ তলায় গোডাউন। ৩য় ও ৪র্থ তলায় টি-শার্ট রঙ করার কারখানা, ৫ম ও ৬ষ্ঠ তলায় সোয়েটার কারখানা।

ভারী মেশিন ও বেশি সংখ্যক মানুষের ভারে ভবনটির পূর্বপাশে প্রতিটি তলার কলামে উত্তর-দক্ষিণে লম্বালম্বিভাবে ফাটল দেখা দিয়েছে বলে জানান এই কর্মকর্তা।

উদয়ন সোয়েটার কারখানা ২০১০ সাল থেকে বিকেএমইএ’র সদস্য বলে জানা গেছে।

বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগামী এক সপ্তাহ কারখানা বন্ধ রাখতে এর মালিক কামাল হোসেনকে সংগঠনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।