২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্র্যাজেডি: কুষ্টিয়ার ৬ শ্রমিক নিহত, নিখোঁজ ২

সাভারে বহুতল ভবন ধসে কুষ্টিয়ার ছয় পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরো দুই শ্রমিক।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

নিহতরা হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রামের সেকেন আলীর কন্যা নাজমা খাতুন (২৩), উপজেলার সন্তোষপুর গ্রামের ফরিদ আলীর স্ত্রী জোসনা খাতুন ও কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের আলমের স্ত্রী সাহিদা বেগম, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত শ্যামল চন্দ্র ঘোষের ছেলে দিপঙ্কর ঘোষ (২৩) ওরফে টাক্কু, দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি তরিঘোলা বিশ্ববাট গ্রামের মোহম্মদ আলীর ছেলে আমিরুল ইসলাম, একই উপজেলার হরিণগাছি গ্রামের নওয়াব আলীর ছেলে জাহাঙ্গির আলম।

নিখোঁজ রয়েছেন খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের তাহেরপুর গ্রামের আনছার আলীর ছেলে রানা প্লাজার একটি গার্মেন্টের সুপারভাইজার মাসুদ রানা (৩০) ও কুমারখালীর দূর্গাপুর এলাকার এক যুবক। তার নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

নিহতদের স্বজনদের সুত্রে জানা গেছে, নিহত নাজমা খাতুন তিন বছর আগে সাভারের রানা প্লাজার ৪ তলার একটি পোশাক কারখানায় চাকরি নেন। এরপর থেকে নাজমা সেখানে কাজ করছিলেন। গত বুধবার কর্মরত অবস্থায় সাভারের রানা প্লাজা ধসে পড়লে চাপা পড়েন নাজমা।

শুক্রবার ভবনের নিচ থেকে নাজমার লাশ উদ্ধার করা হয়। শনিবার সকালে নাজমার নিজ বাড়ি খোকসার গোপগ্রামে লাশ এসে পৌছালে এক হৃদয়বিদরক দৃশ্যের অবতারণা হয়। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কান্নার রোল উঠে । নাজমা গত ৩ বছর ধরে সাভারে স্বামী রাজ মিস্ত্রি মিলন মোল্লার সাথে থাকতেন। তাদের নাহিদ (৯) ও নাফিজ (৪) নামের দুই ছেলে রয়েছে। দুই ছেলেকে খোকসায় নানির কাছে রেখে স্বামী-স্ত্রী দুজনই সাভারে কাজ করতেন।

নিহত আরেকজন হলেন একই উপজেলার সন্তোষপুর গ্রামের ফরিদ আলীর স্ত্রী জোসনা খাতুন। তার দুই বছরের একটি মেয়ে রয়েছে। শুক্রবার জোসনা খাতুনের লাশ এসে পৌছায় উপজেলার সন্তোষপুর গ্রামে। ওইদিনই তার দাফন সম্পন্ন হয়।

এদিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের আলমের স্ত্রী সাহিদা বেগমের লাশও শুক্রবার সাভার থেকে কয়ায় এসে পৌছায়। সেদিনই তার দাফন সম্পন্ন হয়।

একই উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত শ্যামল চন্দ্র ঘোষের ছেলে দিপঙ্কর ঘোষের লাশ গলে যাওয়ায় শুক্রবারই তাকে সাভারে দাফন করা হয়। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের মধ্যে পাঁচজনের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে, তারা যেন হতাহতদের সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠান।  প্রয়োজনে সাভার ট্র্যাজেডিতে হতাহতদের খাস জমি বরাদ্দসহ তাদের পূনর্বাসনেও সাহায্য করা হবে।