চতুর্থ দিনে জীবিত উদ্ধার ৩১ জন
সাভারে ভবন ধসের ৮৭ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষের সন্ধান মিলেছে।
ধসে পড়া ভবনের নিচে জীবিত আরো মানুষ আটকে থাকতে পারে বলে উদ্ধারকর্মীদের ধারণা, সেজন্য ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার অভিযান এখনি চালানো হচ্ছে না।
ভয়াবহ এই ধসে নিহতের সংখ্যা সাড়ে তিনশ’র বেশি। এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছে।
শনিবার দুপুরে হালকা বৃষ্টি হলেও তাতে উদ্ধার অভিযান অব্যাহত ছিল। রাতেও বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে চলেছে উদ্ধার অভিযান।
ভবন ধসে হতাহতের ঘটনায় করা দুই মামলায় তিন কারখানা মালিক এবং সাভার পৌরসভার দুই প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের চার জনকে রিমান্ডেও পেয়েছে।
তবে ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে শনিবার বিকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সরকার তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে বলে বিএনপি অভিযোগ করলেও স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, রানাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট।
গত বুধবার ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ডের নয় তলা ভবন রানা প্লাজা। প্রথমে স্থানীয়রা ধ্বংস্তূপে উদ্ধার অভিযান শুরু করে, পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসসহ অন্য সংস্থাগুলোর সমন্বিত উদ্ধার অভিযান শুরু হয়।
ধসে পড়া ভবনের সামনে একটি তথ্য কেন্দ্র রয়েছে, সেখান থেকে সর্বশেষ তথ্য দেয়া হচ্ছে।
এছাড়া প্রায় দেড় কিলোমিটার দূরে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে আরেকটি তথ্য কেন্দ্র। লাশ উদ্ধারের পর সেখানে রাখা হচ্ছে, আহতদের নেয়া হচ্ছে হাসপাতালে।
তথ্য কেন্দ্র থেকে রাতে জানানো হয়, নিহতের সংখ্যা ৩৫৫ এ দাঁড়িয়েছে। এর মধ্যে সনাক্তের পর ৩৪৮টি স্বজনরা নিয়ে গেছে।
শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ১৮টি লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজের সংখ্যা ১০৫০ জন বলে জানান অধর চন্দ্র বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত পুলিশ উপপরিদর্শক সাইফুল ইসলাম।
ধসে পড়ার সময় ওই পাঁচটি পোশাক কারখানাসহ ভবনে কত মানুষ ছিলেন, তার সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, এই সংখ্যা সাড়ে ৩ হাজার।
যেসব লাশের পরিচয় সনাক্ত হচ্ছে না, তা ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে। ঢাকা মেডিকেলে ৩৭টি এবং মিটফোর্ডে ৬টি লাশ রয়েছে।
ভারী যন্ত্রপাতি আনা হলেও ধ্বংসস্তূপের মধ্যে এখনো জীবিত মানুষ পাওয়া যাওয়ায় তা ব্যবহার হচ্ছে না।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল হাসান শহীদ সোহরাওয়ার্দী বিকালে সাংবাদিকদের বলেন, “ম্যাসিভ অভিযানে আমরা এখন যাচ্ছি না।”
ধ্বংসস্তূপ থেকে বিকালেও একজনকে জীবিত উদ্ধার করে আনতে দেখা যায়। শনিবার সকালে একসঙ্গে বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর রাত ১২টা পর্যন্ত ৩১ জনকে উদ্ধার করে আনা হয়।
শুক্রবারও দিনভর ১১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।
৫৬ শতাংশ জমির ওপর নির্মিত নয় তলা ওই ভবন ধসে পড়ে এখন তিন তলার উচ্চতা নিয়ে আছে। আর কনক্রিট কেটে গর্ত তৈরি করে ভেতরে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মী দল।
প্রথম দিন থেকে উদ্ধার অভিযানে থাকা মেজর জেনারেল সোহরাওয়ার্দী বলেন, ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধার অভিযান জীবিতদের ঝুঁকিতে ঠেলে দিতে পারে।
তাই ভারী যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে না, যদিও ভারী যন্ত্রপাতি ইতোমধ্যে সেখানে জড়ো করা হয়েছে।
দুপুর সোয়া ২টার দিকে ওরিয়ন গ্রুপের একটি বিশাল হাইড্রোলিক ক্রেন সেখানে আসতে দেখা যায়।
ক্রেনের চালকের সহকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধার কাজের জন্য আমরা এসেছি। সুবিধাজনক সময়ে আমরা কাজে নামবো।”
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক শাহীনুল ইসলাম বিকালে সাংবাদিকদের বলেন, “প্রতিটি জীবনই আমাদের কাছে অমূল্য। তাদের জীবিত উদ্ধার করতে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালাতে হচ্ছে।”
“যতক্ষণ পর্যন্ত ভবনের নিচে প্রাণের স্পন্দন পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে,” বলেন তিনি।
ভবনের বিভিন্ন অংশে সাতটি গর্তে (হোল) বিশেষ ক্যামেরা দিয়ে ধ্বংসস্তূপের নিচ পর্যবেক্ষণ করা হচ্ছে বলে আইএসপিআর পরিচালক জানান। এই রকম ২৫টি গর্ত তৈরি করা হয়েছে।
“তন্ন তন্ন করে আমরা ভবনের নিচে মানুষ খুঁজছি। যখনি কোনো সম্ভাবনা দেখছি, তখনি উদ্ধারের ব্যবস্থা নিচ্ছি।”
সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ মাসুদ সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ধ্বংসস্তূপের মধ্যে এখনো অনেক জীবিত মানুষ রয়েছেন।
“যতক্ষণ পর্যন্ত একজন জীবিত মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা উদ্ধারকাজে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেব না।”
ভারী যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে হতাতহ শ্রমিকদের আত্মীয়-স্বজন এবং সাধারণ মানুষের মতামত নিয়ে তা করা হবে বলে ব্রিগেডিয়ার সাঈদ জানান।
মেজর জেনারেল সোহরাওয়ার্দী বলেন, “এই উদ্ধার অভিযান এখন খুবই ঝুঁকিপূর্ণ। নিজেদের প্রাণ বাজি রেখে উদ্ধারকর্মীরা কাজ করছেন।”
উদ্ধার কাজে বিদেশি সহযোগিতা চাওয়া হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমরা ক্যাপাবল। তাই এর প্রয়োজন নেই।”
শনিবার উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ সাইফুল হক।
সশস্ত্রবাহিনী, ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার তৎপরতায় সাধারণ মানুষের অংশ গ্রহণের প্রশংসা করেছেন সেনা কর্মকর্তারাও।
নিখোঁজদের সন্ধানে উদ্বিগ্ন স্বজনরা ধ্বংসস্তূপের সামনে ভিড় করে আছেন। স্বেচ্ছাসেবকদের দেখলেই তারা খোঁজ-খবর নিচ্ছেন।
ধসের চতুর্থ দিনে রানা প্লাজার ধ্বংসস্তূপে চলছে উদ্ধার কাজ।
উদ্ধার অভিযানের মধ্যে শনিবার দুপুরে বৃষ্টি নামে, তবে এতে কাজ বন্ধ হয়নি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় ঢাকা অঞ্চলের ওপর দিয়ে দমকা হওয়াসহ ঝড়ো বৃষ্টিপাত হতে পারে।
উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের পরিচালক মেজর মোহাম্মদ মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হালকা বৃষ্টিতে কাজ চললেও আগামীতে ভারী বৃষ্টিপাত হলে সমস্যা হতে পারে।
“এ মুহূর্তে উদ্ধারকাজের সুবিধার্থে ত্রিপল, মোটা পলিথিন সরবরাহের জন্য সবাইকে অনুরোধ করছি।”
আইএসপিআর পরিচালক বলেন, বৃষ্টি হলে উদ্ধার অভিযান কিছুটা বিঘ্নিত হবে। এরপরও সবার চেষ্টায় কোনো ত্রুটি বা গাফিলতি থাকবে না।
লাশ রাখার স্থান অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় নিখোঁজের স্বজনদের। সেখানে ত্রিপলসহ সামিয়ানার অভাব রয়েছে।
মঙ্গলবার ফাটল দেখা দেয়ার পর বুধবার সকালে ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত ‘রানা প্লাজা’। ৩৫ হাজার বর্গফুট ক্ষেত্রফলের এই ভবনে পাঁচটি পোশাক কারখানা ছিল।
ধসের সময় শ্রমিকসহ তিন হাজারের বেশি মানুষ ভবনে ছিল বলে ধারণা করা হচ্ছে।
শ্রমিকদের অভিযোগ, ফাটল দেখা দেয়ার পর তারা ঢুকতে না চাইলেও কারখানা মালিকরা তাদের কাজে যোগ দিতে বাধ্য করেন।
