সংস্কার শেষে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু
সংস্কার শেষে বঙ্গবন্ধু সেতু দিয়ে পুরোদমে যান চলাচল শুরু হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে সেতুর দুই লেন যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।
উদ্বোধন উপলক্ষে সেতুর পশ্চিমপাড় গোলচত্বরে এক অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ২৭০ কোটি টাকা ব্যয়ে সেতুর উপরিভাগের ফাটল মেরামত করা হয়েছে।
তিনি আরো জানান, খুব শিগগিরই ট্রাক চলাচলের জন্য সেতুর দুইপাশে ট্রাক চলাচলের আলাদা রাস্তা নির্মাণ করা হবে। এ বিষয়ে দরপত্র আহ্বানের প্রস্তুতিও শেষ হয়েছে।
সাভারে রানা প্লাজা ধসে বিপুল প্রাণহানির জন্য উদ্বোধন অনুষ্ঠান জাঁকমক করা হয়নি এবং কোনো মঞ্চও তৈরি হয়নি বলে জানান মন্ত্রী।
সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০১১-১২ অর্থ বছরে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) সেতুর সংস্কার কাজ শুরু করে। এ বছরের জুন মাসে সংস্কার কাজ শেষ হওয়ার কথা থাকলেও দেড় মাস আগেই তা শেষ হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবীর আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাবিবুল হক, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুর-ই-আলমসহ বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
