২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাতে ৩ গার্মেন্ট মালিকের আত্মসমর্পণ’

সাভারে ধসে পড়া রানা প্লাজার পাঁচ গার্মেন্টের তিন মালিক রাতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 07:18 PM

Updated : 25 Apr 2022, 06:39 PM

শুক্রবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বিজিএমইএ ভবনে ফিরে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে বিজিএমইএ ও বিকেএমইএ’র প্রতিনিধিদের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান,শ্রমমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম উপস্থিত ছিলেন।

বুধবার সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজায় ধসের ঘটনায় নিহতের সংখ্যা তিনশ’ ছাড়িয়ে গেছে। শুক্রবার সেখানে তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা আলোচনা করেন। তৈরি পোশাক খাতকে কীভাবে স্থিতিশীল রাখা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক প্রতিনিধি নিশ্চিত করেছেন।

এছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নিহতদের ক্ষতিরপূরণের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য এই মুহূর্তে পাঁচ কোটি টাকা দেয়ার কথা বিজিএমইএ বললেও প্রধানমন্ত্রী তাদের ক্ষতিপূরণের পরিমাণ আরো বাড়াতে আন্তরিক হতে বলেছেন।

প্রধানমন্ত্রী দায়ী গার্মেন্টস মালিকদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বলেন, তা না হলে সরকার কঠোর থেকে কঠোরতর হবে। তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে পরিণতি ভয়বহ হবে।

ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার অনুরোধ করেন।

বৈঠক থেকে ফিরে আব্দুস সালাম মুর্শিদী সাংবাদিকদের বলেন, দেশের যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়েছি। তিনি নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন।

“সামগ্রিক যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শান্ত করতে হলে গার্মেন্টস মালিকদের গ্রেপ্তারের বিকল্প নাই। এই কাজে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই।”

তিনি বলেন, “আজকে রাতেই কমপক্ষে তিনজন মালিক বিজিএমইএতে এসে আত্মসমর্পণ করবেন। বিজিএমইএ কর্তৃপক্ষ তাদেরকে থানায় সোপর্দ করবে।”

পৌর যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন ওই ভবনে মঙ্গলবার ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়।

বেঁচে আসা শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়েছিল।

নয় তলা ওই ভবনের দোতলা পর্যন্ত ছিল দোকান। ওপরে ছিল পোশাক কারখানা। ওই ভবনের কারখানাগুলোর মধ্যে নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইলের মালিক মাহবুবুর রহমান তাপস ও বজলুস সামাদ আদনান। ফ্যান্টম অ্যাপারেলস ও ট্যাকের মালিক মো. আমিনুল ইসলাম। আর ইথারটেক্সের মালিক মো. আনিসুর রহমান।

এরই মধ্যে এ ঘটনায় ঘটনায় রানা ও গার্মেন্ট মালিকদের আসামি করে বুধবার রাতে পুলিশ ও রাজউকের পক্ষ থেকে সাভার মডেল থানায় দুটি মামলা করা হয়। এছাড়া হাইকোর্ট তাদের আগামী ৩০ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।