২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বংসস্তূপে চাপা পড়লো মনিকার স্বপ্ন

কিশোরী মনিকা বেগমের (১৫) স্বপ্ন ছিল পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবে। বড় হয়ে সরকারি কর্মকর্তা হবে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 05:23 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো না। সাভার ট্র্যাজেডিতে লাশ হয়ে বাড়িতে ফিরলো ।

সাভারে বহুতল ভবন ধসে এ পর্যন্ত বগুড়ার চার পোশাক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরো তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।

মনিকা ছাড়া অপর নিহতরা হলেন- সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে শম্পা খাতুন (১৬), সারিয়াকান্দি উপজেলার কড়িতলা গ্রামের শামছুল হকের স্ত্রী মঞ্জু বেগম (২৮) ও আদমদীঘি উপজেলার বিহিগ্রাম মধ্যপাড়ার মোখলেছার মোল্লার ছেলে মোমিন মোল্লা (২৪)।

শাজাহানপুর উপজেলার পশ্চিম সুজাবাদ গ্রামের প্রয়াত মোমিনুল হকের মেয়ে মনিকা।

টেম্পু চালক বাবা মারা যাওয়ার পর মনিকার মা চাম্পা বেগম অন্যত্র বিয়ে করেন। তার পরেও নানী আনোয়ারা বেওয়া দেড় বছর বয়স থেকে লালন-পালন করেন মনিকাকে।

দিন মজুর নানীর স্বপ্ন ছিল মনিকা পড়ালেখা করে অনেক বড় হবে। স্বপ্নটা মনিকারও ছিল। কিন্ত নিত্যসঙ্গী অভাব সে স্বপ্ন তছনছ করে দেয়।

শাজাহানপুরের সাজাপুর ফুলতলা আহমাদিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার ৯ম শ্রেণীর মেধাবী ছাত্রী ছিল মনিকা। অভাবের তাড়নায় শেষ পর্যন্ত তাকে লেখাপড়া ছাড়তে হয়। তিন মাস আগে সাভারের ধসে পড়া রানা প্লাজার একটি পোশাক কারখানায় কাজে যোগ দেয় মনিকা।

নানী আনোয়ারা বেওয়া কাঁদতে কাঁদতে বলেন,  “হতভাগী মনিকার সেই আশা আর পূর্ণ হলো না। দেড়শ টাকার দিনমজুরী করে সোনা মানিককে কোলে-পিঠে করে মানুষ করেছি। সোনা এখন বড় হয়েছে।

“অনেক জায়গা থেকে বিয়েও আসছিল। সোনা আমার রাজি হয়নি। সোনা নিজের পায়ে দাঁড়ানোর জন্য ঢাকায় গিয়েছিল। সেই সোনা আমার আজ লাশ হয়ে ফিরলো।”

মনিকার মামা আবু জায়েদ জানান,  ছোট বেলা থেকেই তার ভাগিনীর কোন খোঁজ-খবর নেয়নি মনিকার বাবার পরিবারের লোকজন। নিজের ভবিষ্যৎ গড়ার জন্যই মনিকা ঢাকায় গিয়েছিল কাজের সন্ধানে। কিন্তু সে লাশ হয়ে ফিরলো।

সাভারে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। সাভারের নয়তলা ভবন রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। এতে দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি পোশাক কারখানা।

আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।