পটুয়াখালী পৌর মেয়রের ‘অনিয়ম’ তদন্তের নির্দেশ
পটুয়াখালী পৌরসভার মেয়রসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন ‘অনিয়মের’ অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
জেলা প্রশাসককে পাঠানো এক চিঠিতে পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ছাড়াও সচিব মো. শেখ হেলাল উদ্দিন ও হিসাব রক্ষক এস এম শাহিনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়া হয়।
শুক্রবার জেলা প্রশাসক অমিতাভ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের টাউন বহালগাছিয়া এলাকার মুক্তিযোদ্ধা মো. সুলতান হাওলাদার গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মেয়রসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয়ের উপ সচিব মো. খলিলুর রহমান ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে জেলা প্রশাসনকে চিঠি পাঠান।
অভিযোগ তদন্তের কাজ শুরু করা হবে বলে জানান জেলা প্রশাসক।
