২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে রেলের ৮ লক্ষাধিক টাকা ‘গায়েব’

রাজশাহীতে রেলওয়ের আট লাখেরও বেশি টাকা ‘খোয়া যাওয়ার’ অভিযোগ করেছেন পশ্চিম রেলওয়ের প্রধান বুকিং সহকারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 03:02 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

রাজশাহী পশ্চিম রেলওয়ের প্রধান বুকিং সহকারী রাব্বেল আলী তার দায়িত্বে রাখা এ অর্থ শুক্রবার বেলা ১১টার দিকে সিন্দুক থেকে আনতে গিয়ে ‘গায়েবের’ বিষয়টি সবাইকে জানান।

এ ঘটনায় রাব্বেলসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করলেও কাউকে আটক করা হয়নি।

রাজশাহী স্টেশন সুপারভাইজার আব্দুল করীম বলেন, বৃহস্পতিবারের টিকেট বিক্রির ১১ লাখ টাকা ছিল ওই সিন্দুকে।

“টাকাগুলো ব্যাংকে জমা দেয়ার জন্য শুক্রবার বেলা ১১টার দিকে রাব্বেল আলী টাকা নিতে গিয়ে দেখেন ৮ লাখ ৮৪ হাজার টাকা নেই। কিন্তু সিন্দুকটিতে তালা লাগানো ছিল।”

তিনি আরো জানান, র‌্যাব সদস্যরা প্রধান বুকিং সহকারী রাব্বেল আলী ও বুকিং সহকারী শাহাবুদ্দিন ও আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের তিনজনের কাছে ওই সিন্দুকের চাবি ছিল।

রেলওয়ে থানা পুলিশের ওসি আলমগীর কবীর বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

পশ্চিম অঞ্চল রেলের ব্যবস্থাপক ফেরদৌস আলম বলেন, প্রধান সংস্থাপন কর্মকর্তা মুরাদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

তিন দিনের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।