২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধস: মাগুরার পোশাক শ্রমিক আশরাফ এখনো নিখোঁজ

সাভারে বহুতল ভবন ধসের ঘটনায় ওই ভবনের পোশাক কারখানার শ্রমিক মাগুরার শালিখা উপজেলার উজগ্রামের আশরাফ হোসেন (৩০)এখনো নিখোঁজ রয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 01:22 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

ঘটনার পর থেকে আশরাফের সন্ধানে সাভারে তার স্ত্রী, ছোট ভাই, ভগ্নিপতিসহ আত্মীয়-স্বজনরা অপেক্ষা করছেন। কিন্তু এ পর্যন্ত উদ্ধার হওয়া হতাহতদের মধ্যে আশরাফকে খুঁজে পাননি তারা।

গ্রামের বাড়িতে অবস্থানরত আশরাফের মা-বাবা তাদের সন্তানের খোঁজ না মেলায় বারবার মূর্ছা যাচ্ছেন।

আশরাফের বাবা আকরাম হোসেন জানান, আশরাফ ৫ বছর ধরে ঢাকার পোশাক কারখানায় কাজ করছে। সর্বশেষ বছর খানেক আগে সে রানা প্লাজার একটি কারখানায় কোয়ালিটি ইনচার্জ পদে যোগ দেয়। বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার আগে মোবাইল ফোনে তার সাথে কথা হয়। ভবন ধসের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার আর খোঁজ মেলেনি।

সাভারে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। ধসের ৪৮ ঘণ্টা পরও জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে কয়েকজনকে।

সাভারের নয়তলা ভবন রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। এতে দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি পোশাক কারখানা।

আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।