২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা দলের মধ্যেই

সাভারের ভবন ধস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্যের সমালোচনা করেছেন ক্ষমতাসীন দলের দুই নেতা, যাদের মধ্যে একজন মন্ত্রীও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 11:20 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

Image
File Photo

File Photo

ভবন ধসে হতাহতের এই ‘বিভীষিকাময়’ ঘটনা নিয়ে কোনো বেফাঁস মন্তব্য না করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের।

আর কোনো ঘটনা ঘটলে অন্যের উপর দোষ চাপানোর প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম। ধসে পড়া ভবন মালিক এখনো গ্রেপ্তার না হওয়ারও সমালোচনা করেন তিনি।

বুধবার সকালে ভবন ধসের পর বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ ও ফটক ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। ভবনটি ধসে পড়ার পেছনে এটি একটি সম্ভাব্য কারণ হতে পারে। পরদিন সচিবালয়েও সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

শুক্রবার মুন্সীগঞ্জে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “সাভার ট্রাজেডি একটি মানবিক বিপর্যয়। এ সময়ে সরকার ও বিরোধীদলকে একসঙ্গে কাজ করতে হবে। এখন গণতন্ত্র ও অর্থনৈতিক স্বার্থে বেফাঁস কথা না বলে উদ্ধার অভিযানে যোগ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।”

এ ভবন ধসের ঘটনায় দোষীদের খুঁজে বের করে দ্রুত বিচারের আওতায় নিতে হবে বলেও মনে করেন তিনি।

এদিকে, সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যের প্রতি ইঙ্গিত করে  মোহাম্মদ নাসিম বলেন,  "সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা অযথা কথা বলে মানুষের কাছে সরকারকে বির্তকিত করছে। কোনো ঘটনা ঘটলে  অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।”

কোনো ঘটনা ঘটলে অন্যের উপর দোষ চাপানোর প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

আগের দিন ফাটল দেখা দেয়ার পরেও সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়তলা ভবন রানা প্লাজা ব্যবহারের অনুমতি দেন অভিযোগ করে ওই কর্মকর্তাকে বরখাস্ত ও তাকে শাস্তি দেয়ার দাবি জানান তিনি।

ভবন মালিক স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভবনের মালিককে তা সবাই জানে। এটা আর নতুন করে প্রমাণের দরকার নেই। নতুন করে তদন্ত করারও দরকার নেই। সে পালিয়ে গেল কেন। অপরাধীরাই তো আপরাধ করে পালায়।  অপরাধী যেই হোক তাকে  গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।"

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার সকালে মুন্সীগঞ্জের মাওয়ায় ১৫ কোটি টাকা ব্যয়ে মাওয়া চৌরাস্তা থেকে বালিগাঁও পর্যন্ত ২৮ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন। এছাড়া মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের কল্লীগাঁওয়ে দেড় কোটি টাকা ব্যয়ে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।