রাজশাহীতেও মার্কেটে ফাটল, বন্ধ ঘোষণা
রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় একটি বিপণি বিতানে ফাটল দেখায় দেয়ার পর সেটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) বিপণি বিতানটির প্রথম ও তৃতীয় তলার দেয়াল ও স্তম্ভে ফাটল দেখতে পান ব্যবসায়ীরা। এ মার্কেটে প্রায় আড়াই হাজার দোকান রয়েছে।
ফাটলের বিষয়টি জানার পরপরই বিপণি বিতানের মসজিদ থেকে মাইকে দোকান বন্ধ করে মালিক-কর্মচারীদের নেমে যেতে বলা হয় বলে বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান পিপিএম জানান।
তিনি বলেন, “বিপণি বিতানের উত্তর-পূর্ব কোনায় ফাটল হয়েছে। সেখানে যাতে কেউ না যেতে পারেন সেজন্য পুলিশ প্রহরা বসানো হয়েছে”, যোগ করেন ওসি।
পুকুর ভরাট করে নির্মিত এ বিপণি বিতানটি অনুমোদিত নকশা ছাড়াই চার তলা করা হয়েছে বলে অভিযোগ করেন রাজশাহী ব্যাবসায়ী ঐক্য পরিষদের সহ-সভাপতি মজিবুর রহমান দুলাল।
তবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ভূমি কর্মকর্তা কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি ভবনের জোড়ায় প্লাস্টার করা ছিল। সেই প্লাস্টার ফেটে গেছে।”
বিপণি বিতানটির তিন তলা পর্যন্ত ‘মাস্টার প্ল্যান’ অনুসারেই কাজ করা হয়েছে দাবি করে তিনি বলেন, “চতুর্থ তলা সরিয়ে নেয়া হবে।”
খবর পেয়ে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানান, প্রাথমিকভাবে মার্কেটটি বন্ধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
গত বুধবার সাভারে বহুতল ভবন ‘রানা প্লাজা’ ধসে বহু হতাহতের ঘটনা ঘটে। এরপর সাভার ও আশুলিয়ায় আরো কয়েকটি ভবনে ফাটল দেখতে পান স্থানীয়রা।
