নারায়ণগঞ্জে বিক্ষোভ-ভাংচুর, ৩৬ শ্রমিক আটক
সাভারের বহুতল ভবন ধসের ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্প এলাকায় বিক্ষুদ্ধ শ্রমিকরা অন্তত পাঁচটি তৈরি পোষাক কারখানার কাচ ভাংচুর করেছে অভিযোগ করেছে পুলিশ।
শুক্রবার সকালে এ ঘটনায় সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে অবরোধ সৃষ্টি করলে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ কারখানায় হামলা ও ভাংচুরের অভিযোগে ৩৬ শ্রমিককে আটক করে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক প্রকৃত শ্রমিকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হবে। বহিরাগত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্তা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলেও বিসিক এলাকায় বিক্ষুদ্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বেশ কিছু গাড়ি ভাংচুর করে।
এ সময় তারা কিছু পোষাক কারখানায়ও হামলা চালায়। একই ধরনের ঘটনা ঘটে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলেও।
শুক্রবার সকাল ১০টায় ফতুল্লার ভোলাইল এলাকায় ৩০-৪০ জন শ্রমিক লাঠিসোটা নিয়ে মিছিল বের করে। এ সময় তারা বিসিকের ভেতরে সড়কে পরিত্যক্ত কাপড়ে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ভবন ধসের ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানেও শুক্রবার সকালে বিক্ষুদ্ধ শ্রমিকরা বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে। এ সময় কোন কোন স্থানে বিক্ষুদ্ধরা ভাংচুর চালায় বলে অভিযোগ করেছে পুলিশ।
