২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে উদ্ধারকর্মীদের সঙ্গে জনতার সংঘর্ষ

সাভারে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান দ্রুততর করার দাবিতে উদ্ধারকর্মীদের ওপর হামলা চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 05:31 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

এ সময় সেনা সদস্য, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সঙ্গে নিহতদের স্বজন ও স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় অন্তত ৩০ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

প্রত্যক্ষদর্শী আবুবকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারকর্মীরা যথেষ্ট উদ্যোগী হয়ে কাজ করছেন না এমন অভিযোগে  সকাল সাড়ে ১০টার দিকে ধসে পড়া ভবনের পেছন দিকে তাদের দিকে তেড়ে যায় বিক্ষুব্ধরা।

এ সময় বিক্ষুব্ধ জনতা উদ্ধার কাজে নিয়োজিত বুলডোজার ভাংচুরের চেষ্টা করে।

“ভবনের পেছন দিকে অনেকগুলো মৃতদেহের বিভিন্ন অংশ ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে রয়েছে। নিহতদের স্বজন ও স্থানীয়রা সেগুলো বের করার জন্য উদ্ধারকর্মীদের অনুরোধ করে।”

“এক পর্যায়ে জনতা উদ্ধারকর্মীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। তখন পুলিশ লাঠিপেটা করে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিতে চেষ্টা করে। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।”

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের পরিদর্শক আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ করেই জনতা আমাদের ওপর হামলা করে। পরে আমরা তাদের ছত্রভঙ্গ করে দেই।”