সরকারের অবহেলায় এত মৃত্যু: বিএনপি
সাভারের বহুতল ভবন ধসে ব্যাপক প্রাণহানির জন্য সরকারের অবহেলা ও নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে বিএনপি।
দেশের ভয়াবহ ভবন ধস নিয়ে বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকার একেবারে ইচ্ছাকৃতভাবে অসহায় মানুষজনকে মৃত্যুকূপে ঠেলে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
খালেদা জিয়ার সঙ্গে সাভারে ধসে পড়া ভবন দেখে ফিরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ।
“বিরোধীদলীয় নেতাসহ আমরা বিকালে ঘটনাস্থল দেখে এসেছি। আমাদের কাছে মনে হয়েছে, এটা নিছক দুর্ঘটনা ছিলো না, একটি হত্যাকাণ্ড ছিলো। এটাকে গণহত্যা বলা যেতে পারে,” বলেন তিনি।
এই ঘটনার জন্য স্থানীয় প্রশাসন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ক্ষমতাসীন দলের স্থানীয় সংসদ সদস্য মুরাদ জং এবং ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে দায়ী করেছে বিএনপি, দায়ীদের শাস্তিও দাবি করা হয়েছে।
উদ্ধার কার্যক্রম নিয়েও সরকারি পদক্ষেপের সমালোচনা করেন মওদুদ।
“সেখানে সেনাবাহিনীকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করা হয়নি। ভবন ধসে ইঞ্জিনিয়ারিং কোরের নেতৃত্বে এই উদ্ধার অভিযান হওয়া উচিৎ ছিলো। কারণ এরকম উদ্ধার অভিযানের জন্য তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।”
ধ্বংসস্তূপে ব্যাপক মানুষের উপস্থিতি না থাকলে উদ্ধার কাজও দ্রুততর হতো বলেও মনে করেন মওদুদ।
তার দাবি, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসায় ঘাটতি রয়েছে।
তবে আহতদের চিকিৎসার ব্যাপারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, স্থানীয় ক্লিনিকগুলো, উদ্ধারকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও কর্মীদের ভূমিকার প্রশংসা করেছে বিএনপি।
দুর্ঘটনায় নিহত-আহত-পঙ্গু হয়ে যাওয়া প্রত্যেককে কমপক্ষে ২০ লাখ অনুদান দেয়ার দাবি জানান মওদুদ।
ভবন মালিকের রাজনৈতিক পরিচয়ের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “সংখ্যালঘু পরিবারের জমি দখল করে সোহেল রানা স্থানীয় সংসদ সদস্যের মদদে এই অননুমোদিত ভবনটি নির্মাণ করেছে।
“ক্ষমতাসীন দলে বলে প্রশাসনও তাদের ভয় পায়। তাই তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি।”
ভবনটি ক্ষমতাসীন দলের রাজনৈতিক কাজে ব্যবহার হতো দাবি করে মওদুদ বলেন, “দুর্ঘটনার দিন হরতাল ছিলো, গার্মেন্টও বন্ধ ছিলো।
“তারপরও বেতনের কথা বলে হরতালবিরোধী মিছিলে অংশ নেয়ার জন শ্রমিকদেরকে ভবনে ডেকে আনা হয়েছিলো। মিছিলের প্রস্তুতি নেয়া হচ্ছিল বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি।”
দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনাস্থলে না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিরোধী দলকে দোষারোপ করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে মওদুদ বলেন, “এসব বক্তব্যের কোনো সত্যতা নেই। এটা দুঃখজনক। সরকারকে বলবো, দায়িত্বশীলতার পরিচয় দিন।”
সংবাদ সম্মেলনে ছিলেন আ স ম হান্নান শাহ, সাদেক হোসেন খোকা, আবদুল মান্নান, ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু, রুহুল আলম চৌধুরী, বরকত উল্লাহ বুলু, ফজলুল হক মিলন, মারুফ কামাল খান, খায়রুল কবীর খোকন, শিরিন সুলতানা, সুলতান সালাহউদ্দিন টুকু, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব প্রমুখ।
